অ্যাশেজে ব্যর্থতার মূলে ব্যাটিং : ম্যাকগ্রা

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:১৭
অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা বলেছেন, সঠিক ব্যাটিং লাইনআপ গঠনের ব্যর্থতার কারণেই সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের কাছে ৩-০ ম্যাচে পরাজয়ের কারণ। এমআরএফ ক্রিকেট একাডেমিতে পেসারদের অনুশীলন দিতে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। ম্যাকগ্রা ভারতের ‘হিন্দু’ পত্রিকায় বলেন, ‘আমাদের বোলাররা ভাল করেছে। কিন্তু সঠিক ব্যাটিং কম্বিনেশন খুঁজে পেতে আমাদের ধুঁকতে হয়েছে। আমরা উন্নতির আশায় সর্বশেষ টেস্টে বেশ ক’টি পরিবর্তন এনেছি। কিন্তু অস্ট্রেলিয়া ভাল করেও পরাজিত হয়েছে।’ গত রবিবার সমাপ্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া টপ অর্ডারে বারবার পরিবর্তন এনেছে। সিরিজে বিভিন্ন সময়ে ক্রিস রজার্স, ডেভিড ওয়ানার ও শেন ওয়াটসনকে ওপেনার হিসাবে নামানো হয়েছে। ওয়াটসন, এড কাওয়ান এবং উসমান খাজা সবাইকে তিন নম্বরে খেলিয়ে চেষ্টা চালানো হয়েছে। খেলোয়াড়ি জীবনে ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট শিকার করা এই ফাস্ট বোলার আরো বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় বিশ্রাম না পাওয়ায় পেস বোলাররা খুব বেশি ইনজুরিতে পড়ছে। খেলার মৌসুমে কিংবা মৌসুমহীন সময়েও আমি অনেক বেশি পরিশ্রম করেছি। একটি ম্যাচও মিস না করে আমি এক নাগাড়ে ৫৫টি টেস্ট খেলেছি। -বাসস