সাকিবের ইনজুরি সত্ত্বেও আশাবাদী কলাবাগান

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:১৮
গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে ১২ দলের মধ্যে নবম হয়েছিল কলাবাগান ক্রীড়াচক্র। সেই ফলাফল বদলে নিজেদের আরেকটু ওপর দিকে তোলার লক্ষ থেকে হোক বা অন্য কোনো সমীকরণ মেলানোর জন্য; এবার প্রিমিয়ার লিগকে সামনে রেখে বেশ তারকাখচিত একটা দল করেছে দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। আর তাদের এই দল গড়ার পথে সেরা চমক ছিল ‘প্লেয়ার বাই চয়েজ’-এ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বেছে নেওয়া। কিন্তু মাঠে এই চমক দেখানোর আগে নিজেরাই একটা ধাক্কা হজম করলো কলাবাগান। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেট খেলে দেশে ফেরা সাকিব মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন, তার আঙুলে চোট লেগেছে। বিসিবির চিকিত্সকরা এটা নিশ্চিতও করেছেন যে, বারবাডোজের হয়ে অনুশীলনের সময়ে বুড়ো আঙুলে চোট পাওয়া সাকিব তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। ফলে প্রিমিয়ার লিগের শুরুটা অন্তত তিনি মিস করবেন। শরীর থেকে ‘ছোট দল’ শব্দযুগল ঝেড়ে ফেলে এক লাফে আবার চ্যাম্পিয়ন দল করার স্বপ্নে এটা কলাবাগানের জন্য বড় আঘাত। আঘাতের কথাটা কলাবাগান কর্মকর্তারাও মানছেন। তবে ইনজুরিকে তারা খেলার অংশ বলে মেনে নিয়েই নিজেদের স্বান্তনা দিচ্ছেন। কলাবাগান ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজ বাবু যেমন বললেন, ‘সাকিবকে শুরুতে মাঠে না পাওয়া একটা ধাক্কা তো বটেই। তবে ইনজুরি খেলার অংশ। এটা সে খেলা শুরু করার পরও হতে পারতো। তাই মেনে নিতেই হবে আমাদের।’ অবশ্য সাকিবকে এভাবে অংশত মিস করার পরও কলাবাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়াই করবে বলে মনে করেন এই কর্মকর্তা, ‘আমাদের সাকিব ছাড়াও বেশ ক জন খেলোয়াড় আছে, যারা নিয়মিত ম্যাচ জেতাতে পারে। এ ছাড়া ভালো বিদেশী খেলোয়াড় আনার ইচ্ছা আছে। আর সাকিব সেরে উঠে দলের সঙ্গে যোগ দেবে বলে আশা করছি। ফলে কলাবাগান এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে।’ সাকিব অবশ্য শুধু এই সময়টাতেই ইনজুরিতে ভুগছেন, তা নয়। গত কয়েক মাস ধরেই এই অলরাউন্ডারকে ইনজুরির সঙ্গে লড়তে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ চলা অবস্থায় ক্লান্তিজনিত ইনজুরিতে পড়েছিলেন। পরে অস্ত্রপচারের জন্য শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন না।