ভাবনায় এখন নিউজিল্যান্ড সিরিজ

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:১৮
বাংলাদেশের ক্রিকেটের এখন যে অবস্থা, তাতে ক্রিকেটারদের পক্ষে মাঠের খেলায় মন দেয়া যে কঠিন এক কাজ, সেটা সংশ্লিষ্টরাই বলছেন। বিসিবি নির্বাচন, ফিক্সিং গোলমাল, ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অসন্তোষ; নানারকম আলোচ্য ইস্যু আছে। তবে এরই মধ্যে অক্টোবরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য নিজেদের প্রস্তুত করে তুলছেন ক্রিকেটাররা। আর দেশের অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও আব্দুর রাজ্জাক বলছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো ফলের ব্যাপারেই তারা আশাবাদী। এমনকি সামপ্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা নিউজিল্যান্ডের পেস বোলিংকেও টপকে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস আছে তাদের। নিউজিল্যান্ডের পেস বোলাররা সামপ্রতিক পারফরম্যান্সের কারণে একটা আতঙ্কের কারণে পরিণত হয়েছেন। বাংলাদেশে তারা পেস সহায়ক উইকেট পাবেন না, এটা চোখ বুজে বলা যায়। তারপরও ভয় তো একটা থাকেই। উল্টো দিকে আছে বাংলাদেশের পেস বোলিং নিয়ে দুশ্চিন্তা। তবে রিয়াদ বলছেন, বাংলাদেশের পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালীই হবে, ‘আমাদের পেস আক্রমণ অনেক ভালো। সমপ্রতি ইংল্যান্ড সফরে ‘এ’ দলের হয়ে রুবেল ভালো বোলিং করতে পারেনি এটা সত্য। দেশের মাঠে সে অনেক ভালো বোলিং করবে বলেই আমার বিশ্বাস। আর মাশরাফি দলে ফিরলে তো অনেক শক্তিশালী হবে পেস আক্রমণ।’ প্রায় একইরকম মনে করছেন রাজ্জাকও। দলের সিনিয়র পেসার মাশরাফি এই সিরিজে ফিরতে পারলে পেস বোলিংয়ের চেহারাটাই বদলে যাবে বলে মনে করেন তিনি, ‘পেস আক্রমণে আমাদের দল নিউজিল্যান্ডের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই। অনেক ভালো আমাদের পেস আক্রমণ। আর দেশের মাটিতে আরো ভালো। রুবেলের সাথে মাশরাফি মিলে দারুণ একটা জুটি হয়ে দাঁড়াবে। শফিউলও অনেক ভালো পেসার। সব মিলিয়ে নিউজিল্যান্ডের চেয়েও আমাদের পেস আক্রমণ অভিজ্ঞতার দিক থেকে অনেক এগিয়ে।’ তবে রাজ্জাক এসব কিছুই ভালো করার জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন প্রিমিয়ার লিগকে। প্রিমিয়ার লিগ তাদের এই টানা অনুশীলনের প্রয়োগ ঘটানোর ও প্রস্তুতি নেয়ার একটা চূড়ান্ত মঞ্চ বলেই মনে করছেন তিনি, ‘অনুশীলনে অনেক কিছু করা যায়। কিন্তু ম্যাচ প্র্যাকটিসের সুযোগ না থাকলে সেটা বাস্তবায়ন করাটা বেশ কঠিন। আর নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফরের আগে প্রিমিয়ার লিগের খেলাগুলো আমাদেরকে অনুশীলনের বিষয়গুলো বাস্তবায়নের সুযোগ করে দেবে।’