উইকেটে মূত্র ত্যাগ

ক্ষমা চাইল ইংল্যান্ড জাতীয় দল

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:১৮
লড়াইটা হয় নাকি ছাইয়ের জন্য। আরও ভালো করে বললে বলা যায়, একটা ছাইয়ের পাত্র জেতার জন্য ‘অ্যাশেজ’ নামের স্নায়ুক্ষয়ী এক লড়াইয়ে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কিন্তু এবারের সিরিজ শেষে দেখা যাচ্ছে ‘ছাই’-এর চেয়ে বেশি আলোচনায় চলে এসেছে মূত্র! অস্ট্রেলিয়ান কিছু সাংবাদিকের অভিযোগ, ওভালে শেষ টেস্ট ড্র হওয়ার পর অ্যাশেজ জয়ের আনন্দে মাতোয়ারা ইংলিশ ক্রিকেটাররা স্থান-কাল-পাত্র বিস্মৃত হয়ে উইকেটেই মূত্রত্যাগ করেছেন। এই অভিযোগে সারা পৃথিবী জুড়ে ‘ছিঃ ছিঃ’ রবটা যখন চলছে, তখনই ইংল্যান্ড জাতীয় দল এক বিবৃতি দিয়ে ক্ষমা চাইলো। কিন্তু বিচিত্র ব্যাপার হল, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে পাঠানো এই বিবৃতিতে কোনো নির্দিষ্ট অপরাধের কথা স্বীকার করা হয়নি। মানে খেলোয়াড়রা মূত্রত্যাগ করেছেন, কি করেননি; তা কেউ মুখ ফুটে বললো না! তবে বিবৃতির ধরন বলছে, কিছু একটা অন্যায় ইংলিশ ক্রিকেটাররা করেছে। বিবৃতির শুরুতে নানাভাবে বোঝানো হয়েছে যে, ইংলিশ ক্রিকেটাররা ক্রিকেট ও এর সংশ্লিষ্ট প্রতিটি ব্যাপারকে খুবই সম্মান করে। তবে এটা বলা হয়েছে যে, কিছু একটা অন্যায় কাজ তারা আনন্দে ভেসে গিয়ে করেছেন। সেই কাজটি কাউকে কষ্ট দিয়ে থাকলে সে জন্য ক্ষমা চেয়েছেন, ‘একটা দল হিসেবে আমরা ক্রিকেটে প্রতিপক্ষ, মাঠ প্রতিটা ব্যাপারকে সম্মান দেখাই বলে গর্ব বোধ করি। তবে এরকম দারুণ গুরুত্বপূর্ণ একটা সিরিজ জয়ের আনন্দে ভেসে গিয়ে আমাদের করা কোনো কোনো আচরণ আসলে হয়তো অন্যায্য ছিল। সেই আচরণ কাউকে কষ্ট দিয়ে থাকলে আমরা সে জন্য ক্ষমা চাইছি এবং নিশ্চিত করছি এটা স্রেফ একটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু নয়।’