আবারো পাকিস্তানকে হারাতে চায় জিম্বাবুয়ে

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:১৯
জিম্বাবুয়ে প্রথম ওয়ানডের মত দ্বিতীয়টিতেও পাকিস্তানকে হারিয়ে ভড়কে দিতে চায়। আর এমনটা করতে পারলে ১২ বছর পর বড় কোন দলের বিরুদ্ধে প্রথম সিরিজ জয়ের কৃতিত্ব দেখাবে জিম্বাবুয়ে দল। এ লক্ষ্য নিয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বৃহস্পতিবার হারারে ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে খেলাটি। পাকিস্তানের বিরুদ্ধে টি-টয়েন্টি ম্যাচ দিয়ে শুরু করলেও জিম্বাবুয়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম ঘরানার খেলাটিতে সুবিধা করতে পারেনি। দুই ম্যাচের এই সিরিজে স্বাগতিকরা অবশ্য লড়াই করে তবেই ২৫ ও ১৯ রানে হারে। ব্রেন্ডন টেলরের দল তাদের অদম্য মনোবলের পরিচয় অব্যাহত রেখেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১০ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে পাকিস্তান দলকে অবাক করে দেয়। হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৪৪ রান করে পাকিস্তান। জবাবে হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা, অধিনায়ক ব্রেন্ডন টেলর ও শেন উইলিয়ামসের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে জয়ের তরী তীরে ভেড়ায় জিম্বাবুয়ে। ফলে ১৫ বছর পর ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে জয়ের মুখ দেখলো জিম্বাবুয়ে। এই জয়ের সুবাদে প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে সিরিজ কব্জা করার দারুণ এক সুযোগ তৈরি হলো জিম্বাবুয়ের সামনে। বড় কোন দলের বিরুদ্ধে জিম্বাবুয়ের সিরিজ জয়ের ঘটনা ঘটে ১২ বছর আগে যখন তারা নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছিল। জিম্বুাবুয়ে কোচ অ্যান্ডি ওয়ালার জানিয়েছেন দুই মাসের কঠোর পরিশ্রমের সুবাদেই তারা পাকিস্তানের বিরুদ্ধে সাফল্যটি তুলে নিতে পেরেছিল। এ প্রসঙ্গে তিনি দলের ফিল্ডিংকে ‘৯০-এর দশকের পর্যায়ে উন্নীত করাকে তার লক্ষ্য এবং দলের খেলোয়াড়রাও যে বিষয়টি নিয়ে কাজ করছেন, তা উল্লেখ করেন। এ সুযোগটাকে ভালোভাবে কাজে লাগিয়ে সিরিজ জিততে মরিয়া স্বাগতিক অধিনায়ক টেলর, ‘প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছে দল। ম্যাচ জয়ের সামর্থ্য আমাদের আছে, তবে এত সহজে প্রথম ওয়ানডে জিতবো তা ভাবতে পারিনি। তাই আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। এটি পরের ম্যাচেও অব্যাহত রাখতে চাই। সেই সাথে সিরিজ জিততে আপ্রাণ চেষ্টা করবো।’-বাসস