ক্লুনির প্রেমে মজেছেন সেলিনা

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২০:৩৫
গত ডিসেম্বরেই জাস্টিন বিবারের সাথে সম্পর্কচ্ছেদ করেছেন সেলিনা। দুই বছরের এই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর থেকে একাই রয়েছেন এই টিন সেনসেশন। মাঝে অবশ্য সেলিনা জানিয়েছিলেন, ‘পার্সি জ্যাকসন’ চরিত্রের রূপকার লগান লারম্যানের ভক্ত বনে গেছেন তিনি। ভক্ত বললে অবশ্য কিছুটা ভুলই হবে, বলা ভালো লারম্যানের এক রকম প্রেমেই পড়েছিলেন বলে স্বীকার করেছিলেন সেলিনা। সেলিনাভক্তদের জন্য চমকিত হওয়ার মতো খবর, আবারও প্রেমে পড়েছেন তিনি। এবারে আর সমবয়সী কেউ নয়, সেলিনার বয়সের দ্বিগুণেরও বেশি বয়সী জর্জ ক্লুনির প্রেমে পড়েছেন তিনি। এক অনলাইন সংবাদপত্রকে সেলিনা জানিয়েছেন, ‘একসময় আমি লারম্যানের কথা জানিয়েছিলাম ঠিক, তবে এখনকার কথা বলতে গেলে আমি জর্জেরই প্রেমে ডুবে আছি।’ শুধু তাই নয়, জর্জ ক্লুনিকে তার দেখা সবচেয়ে ‘হ্যান্ডসাম’ পুরুষ বলেও অভিহিত করেছেন সেলিনা। সেলিনার এই ক্লুনির প্রেমে পড়ার ঘটনাকে অবশ্য তার আশপাশের অনেকেই ‘সাময়িক মোহ’ হিসেবেই দেখছেন।