বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ফারুক উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। অনেকদিন ধরেই তিনি কিডনিজনিত রোগে ভুগছেন। একবছর আগে তার এই শারীরিক সমস্যা ধরা পড়লে তিনি উন্নত চিকিত্সার জন্য দেশের বাইরে গিয়েছিলেন। এরপর নিয়মিত ঢাকার ইউনাইটেড হসপিটালে ডায়ালাইসিসও করেছিলেন তিনি। তবে এ মুহূর্তে শারীরিকভাবে কিছুটা দুর্বল বলে ৩০ আগস্ট সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন চিত্রনায়ক ফারুক। সেখানে মাউন্ট এলিজাবেথ হসপিটালে তিনি বিভিন্ন চেকআপ করাবেন। এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘এবার চেকআপের জন্যই সিঙ্গাপুর যাচ্ছি। ডাক্তার যদি প্রয়োজন মনে করেন সেখানে দীর্ঘ সময় থাকতে হবে, তাহলে থাকব। দেশবাসীর কাছে আমি দোয়া চাই যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি।’ তিনি জানান, এবার তার সঙ্গে সহধর্মিণী ফারহানা পাঠান, মেয়ে ফারিহা, ছেলে রওশন হোসেন শরত্ও যাচ্ছেন।
