কঙ্গোর বিদ্রোহীদের ওপর জাতিসংঘের বিমান হামলা

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২০:৫৩
ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত এবং ৩ জন আহত হয়েছেন। সেখানে বিদ্রোহীদের ওপর হেলিকপ্টার থেকে শান্তিরক্ষীদের গোলাবর্ষণ করতে দেখা গেছে। নিহত শান্তিরক্ষীর পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। গত বুধবার সরকারি বাহিনীর সাথে বিদ্রোহীদের কিবাতি পার্বত্য এলাকায় সংঘর্ষ হয়। বিদ্রোহীরা জানিয়েছে যে তাদের ওপর স্থল ও আকাশ পথে হামলা হয়েছে। এম-২৩ বিদ্রোহী গোষ্ঠীর প্রেসিডেন্ট বাট্রান্ড বিসিমওয়া বলেন, সেনাদের সাথে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ট্যাংক ও বিমান নিয়ে তাদের ওপর হামলা করেছে। সামরিক বাহিনী জানিয়েছে কিবাতিতে লড়াই চলছে। গত বছর বিদ্রোহীরা কঙ্গোর গোমা দখলের পর আন্তর্জাতিক চাপে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সেখানে হস্তক্ষেপ করে। তাদের দায়িত্ব ছিল সেখানে শুধু বেসামরিক নাগরিকদের রক্ষা করা। কিন্তু গত মার্চে নিরাপত্তা পরিষদ সেনাদের পাশাপাশি বিদ্রোহীদের ওপর হামলা পরিচালনার সিদ্ধান্ত নেয়।