সম্পদের মালিকানা পাওয়ার দুই বছরের মধ্যে পুনঃমূল্যায়নের মাধ্যমে ওই সম্পদের সম্পদ মূল্য বাড়াতে পারবে না কোম্পানিগুলো। এছাড়া পুনঃমূল্যায়নের মাধ্যমে সম্পদ মূল্য বাড়ানোর ক্ষেত্রে বেশ কিছু সম্পদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত ১৮ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্পদ পুনঃমূল্যায়নের বিষয়ে জারিকৃত এক নির্দেশনায় এসব বিধিনিষেধ আরোপ করেছে। একই নির্দেশনায় সম্পদ পুনঃমূল্যায়নের মাধ্যমে অর্জিত অতিরিক্ত সঞ্চিত (রিজার্ভ সারপ্লাস) থেকে লভ্যাংশ বিতরণেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
পুনঃমূল্যায়নের মাধ্যমে যেসব সম্পদের সম্পদ মূল্য পরিবর্তন করা যাবে না তার মধ্যে রয়েছে—হস্তান্তরযোগ্য নয় এ ধরনের বন্ধকী জমি বা বিল্ডিং, ৯৯ বছরের কম মেয়াদের বন্ধকী জমি বা বিল্ডিং এবং বন্ধকের মেয়াদ ১০ বছরের কম রয়েছে। ব্যবহূত (সেকেন্ড হ্যান্ড) প্ল্যান্ট-মেশিনারিজ, নতুন প্ল্যান্ট, মেশিনারিজ, টিনশেড বিল্ডিং এবং বিল্ডিংয়ের ক্ষেত্রে আয়ুষ্কাল ৫০ শতাংশ কম থাকলেও পুনঃমূল্যায়ন করা যাবে না। এছাড়া গাড়ি, আসবাবপত্র, ফিটিংস, অফিস ইক্যুইপমেন্ট, লুজ টুলস ও অস্পর্শনীয় (ইনটানজিবল) সম্পদ পুনঃমূল্যায়ন করা যাবে না।
এদিকে গতকাল বৃহস্পতিবার দিনভর ওঠানামার মধ্য দিয়ে শেয়ারবাজারের সূচকে মিশ্রভাব দেখা গেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কিছুটা কমলেও ডিএস-৩০ সূচক বেড়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪ পয়েন্ট কমে ৪ হাজার ১২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪০ কোটি ৭২ লাখ ৬৭ হাজার ৮৪২ টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ১৪৯ কোটি ৪৯ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।
