ঘুমের ওষুধের বিপদ

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২১:৪৯
ঘুম মানুষের এক অপরিহার্য সঙ্গী। ঘুম ছাড়া মানুষ স্বাভাবিকভাবে বাঁচতে পারে না। আমাদের দেশে কত লোকের ঘুমের সমস্যা আছে তার কোন পরিসংখ্যান নেই। তবে ৫০ মিলিয়ন থেকে ৭০ মিলিয়ন আমেরিকানের ঘুমের সমস্যা রয়েছে এবং ফেডারেল হেলথ স্ট্যাডি অনুযায়ী প্রায় ৯ মিলিয়ন আমেরিকান দু’চোখ বন্ধ রাখতে ঘুমের ওষুধ সেবন করেন। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের মতে, একজন প্রাপ্তবয়স্কের দৈনিক ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমের প্রয়োজন। এক-তৃতীয়াংশ আমেরিকান প্রয়োজনের চেয়ে কম ঘুমান। আর যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের বয়স ২০ থেকে শুরু। আর গবেষণার তথ্যমতে, বয়স্কদের ঘুমের ওষুধ সেবনের মাত্রা বেশি। আইএমএস-এর তথ্যমতে, শুধু ২০১২ সালে যুক্তরাষ্ট্রে ৫৯ মিলিয়ন স্লিপিং পিল প্রেসক্রিপশন করা হয়। বিশেষজ্ঞগণ দীর্ঘমেয়াদী ঘুমের ওষুধ সেবনের ক্ষেত্রে সতর্ক করে দিয়েছেন। কারণ ঘুমের ওষুধের অনুমোদন দেয়া হয়েছে কেবল স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য। ২০১২ সালে ব্রিটিশ মেডিক্যাল জার্নালের এক গবেষণায় উল্লেখ করা হয়, যারা দীর্ঘমেয়াদী স্লিপিং পিল সেবন করেন তাদের মৃত্যুর ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ৫ গুণ বেশি। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ প্রশাসন (এফডিএ) মহিলাদের কিছু কিছু স্লিপিং পিলের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে বলে উল্লেখ করেছে। এক্ষেত্রে শুধু স্বল্প মেয়াদে নয়, স্বল্পমাত্রায় স্লিপিং পিল সেবনের পরামর্শ দেয়া হয়েছে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ