বিজয়ীর হাসি হাসতে চায় শেখ জামাল

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২২:০২
মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, ইলিয়াস সানি, জুনায়েদ সিদ্দিকী, শফিউল ইসলামের মত তারকাদের নিয়ে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা জিততে চায় লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বৃহস্পতিবার ক্রিকেটারদের অভ্যর্থনা অনুষ্ঠানে সেই লক্ষ্যের কথাই জানালেন ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা। ক্লাবের ক্রিকেট দলকে বরণ করে নিতেই গতকাল দুপুর থেকেই ধানমন্ডির শেখ জামাল ক্লাবে ছিল সাজ সাজ রব। গতবারের মতো এবারও দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের অধিনায়ক মুশফিক। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক। গত মৌসুমে ভাল দল গড়েও শেষ পর্যন্ত আশানুরূপ ফল পায়নি শেখ জামাল ক্লাব। সেই ব্যর্থতা কাটিয়ে এবার চ্যাম্পিয়ন হবার লক্ষ্যের কথা জানালেন অধিনায়ক মুশফিকুর, ‘গত বছরও শেখ জামালে আমি খেলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আশানুরূপ ফলাফল পাইনি। এবার আমাদের দলটা ভাল, আর সাথে যদি ভাল কয়েকজন বিদেশি খেলোয়াড় পাই, আর সবাই যদি তাদের রেপুটেশন অনুসারে পারফর্ম করতে পারে তাহলে আশা করি আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। চ্যাম্পিয়ন হওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। কিন্তু এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে, মাঠ ও মাঠের বাইরে আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করবো।’ ক্লাবের সভাপতি মনজুর কাদের বললেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল মুশফিকুর রহিমকে দলে নেয়া। তাকে পেয়ে আমরা অনেক বেশি অনুপ্রাণিত। আর আব্দুর রাজ্জাকসহ অন্য যারা আছে, তাদের পেয়ে আমরা ধন্য। গণমাধ্যমগুলোও বলছে আমরা এক নম্বর। আমাদের এবং খেলোয়াড়দের পক্ষ থেকে সেই এক নম্বর হওয়ার লড়াইয়ে কোন কার্পণ্য করা হবে না।’ ক্রিকেট চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন জানালেন মাঠের পারফরম্যান্স ঠিক থাকলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। প্রিমিয়ার লিগের খেলোয়াড় বাছাইয়ের পরদিনই এর নিয়ম নিয়ে সমালোচনা করেন জাতীয় দলের শীর্ষস্থানীয় কয়েকজন ক্রিকেটার। এই নিয়মে চুক্তির টাকা নিয়েও অনেক গড়িমসি হবে বলে তারা সন্দেহ প্রকাশ করেন। মুশফিকুর রহমান মোহন সেই সন্দেহ উড়িয়ে দিয়ে বলেন, ‘দুটি জিনিসের প্রয়োজন, খেলোয়াড়রা মাঠে খেলবে, আর ম্যানেজমেন্ট খেলোয়াড়দের চাহিদাটা নিশ্চিত করবে। আমরা খেলোয়াড়দের পেমেন্টের ব্যাপারে অনেক বেশি উদার। অতীতে পেমেন্ট নিয়ে কোন আলোচনা-সমালোচনায় শেখ জামালের নাম আসেনি, আর ভবিষ্যতেও আসবে না। তাই খেলোয়াড়রা মনোযোগ দিয়ে খেলা চালিয়ে যাবে। আর আমরা আমাদের চুক্তি অনুযায়ী তাদের পেমেন্ট করবো। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবটির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল, মেম্বার অ্যাডমিন আকবর আলি, ক্রিকেট চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন, ম্যানেজার সেলিম শাহেদ, কোচ দিপু রায় চৌধুরী। খেলোয়াড়দের মধ্যে ছিলেন মুশফিকুর রহিম, আব্দর রাজ্জাক, জহুরুল ইসলাম অমি, ইলিয়াস সানি, জুনায়েদ সিদ্দিকী, শুভাশীষ রায়, তানভীর হায়দার খান, শফিউল ইসলাম, আবুল বাশার, ইয়াসির আরাফাত, দিদার হোসেন ইমরান, রুবায়েত হক সুমন।