ভাণ্ডারিয়ায় আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া অনুষ্ঠিত

বালকে বিহারী পাইলট ও বালিকায় মজিদা বেগম বিদ্যালয় চ্যাম্পিয়ন

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২২:০৫
ভাণ্ডারিয়ার বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ৪২তম আন্তঃউপজেলা স্কুল ও মাদ্রাসা’র গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালক বিভাগের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দল তাদের ১০ম শ্রেণীর ছাত্র হাছান তালুকদারের গোলে ২-০ ব্যবধানে হরিণপালা সিদ্দিক নেছারিয়া দাখিল মাদ্রাসাকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। অপরদিকে বালিকাদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়। স্কুলটি তাদের ৭ম শ্রেণীর ছাত্রী রাবেয়ার গোলে ১-০ ব্যবধানে ভাণ্ডারিয়া সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ট্রফি তুলে নেয়। স্থানীয় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় খেলা দুটি। শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষ মনোমুগ্ধকর খেলা দুটি উপভোগ করেন। উল্লেখ্য ২৪ শে আগস্ট ইউনিয়ন পর্যায়ে শুরু হয়ে গতকাল উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতা শেষ হয়। ফাইনাল শেষ ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তম আলী, ওসি মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ লিয়াকত হোসেন তালুকদার, অধ্যক্ষ আবুল বাসার বাদশা, বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দাস, শিয়ালকাঠী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কাওসার হোসেন প্রমুখ। ফাইনালে মোঃ খোকন বেপারী রেফারীর দায়িত্বে এবং তার সহকারী ছিলেন আরীফ ও শাওন। ধারা বিবরণী দেন শিক্ষক বিধান চক্রবর্ত্তী ও মোঃ শফিকুল ইসলাম আযাদ।