মোহাম্মদ হাফিজের সেঞ্চুরিতে আগের ম্যাচে হারের কারণে চাপে থাকা পাকিস্তান দল গতকাল বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিক জিম্বাবুয়েকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরালো।
টসে হেরে ব্যাটে নেমে পাকিস্তানের দুই ওপেনার সুবিধা করতে না পারলেও হাফিজ জ্বলে ওঠেন। তিনি ১৩০ বলে ১৩৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। এছাড়া উমর আমিন ৫৯ এবং শহিদ আফ্রিদির অপরাজিত ৩৯ রানে ৫০ ওভার শেষে চার উইকেটে ২৯৯ রান তোলে পাকিস্তান। ব্রায়ান ভিটোরি দুটি উইকেট নেন।
জবাবে জিম্বাবুয়ের দুই ওপেনারের ব্যর্থতার পর হাল ধরেন ব্রেনডন টেইলর। শন উইলিয়ামসকে সাথে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তোলেন এক পর্যায়ে। কিন্তু টেইলর আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে জিম্বাবুয়ের ইনিংস। ২০০ রানের মাথায় টেইলর আউট হওয়ার আগের বলেও জিম্বাবুয়ের স্কোর ছিল ২০০/৪। এরপর বাকি পাঁচটি উইকেট নিতে মাত্র নয় রান খরচ করেছেন পাকিস্তানী বোলাররা। ২০৯ রানে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেয়ার নায়ক জুনায়েদ খান একাই নেন ৪ উইকেট। এছাড়া আব্দুর রেহমান এবং সাঈদ আজমল দুটি করে উইকেট শিকার করেন।
