ভিলানোভাকে শিরোপা উত্সর্গ করলেন মার্টিনো

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২২:০৭
বার্সেলোনার হয়ে নিজের জেতা প্রথম শিরোপাটা জেরার্ডো মার্টিনো উত্সর্গ করলেন তার পূর্বসুরী টিটো ভিলানোভাকেই। বার্সেলোনার খেলোয়াড়দের মতোই ভিলানোভার প্রতি দারুণ শ্রদ্ধাই ঝরলো বার্সেলোনার মাধ্যমেই প্রথমবারের মতো কোচ হিসেবে ইউরোপে পা রাখা মার্টিনোর কণ্ঠে। এই আর্জেন্টাইন বলেন, ‘আমার এখানে আগমন একটা দুর্ভাগ্যের সূত্র ধরে। আমি সেটা আগেই বলেছি এবং এখন আমরা চ্যাম্পিয়ন। এই কাপটা সব খেলোয়াড়, পুরো কোচিং স্টাফ এবং টিটো ভিলানোভার জন্য।’ উল্লেখ্য, পেপ গার্দিওলার উত্তরসুরী হিসেবে নির্বাচিত হবার পর মাত্র এক মৌসুমই দলের সাথে থাকতে পেরেছিলেন ভিলানোভা। গলায় ক্যান্সার অস্ত্রোপচারের জন্য মৌসুমের মাঝপথে সহকারী কোচ জর্ডি রৌরার হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে নিউইয়র্কে চলে যেতে হয় তাকে। এরপর মৌসুম শেষে ক্লাবে ফিরলেও পরবর্তী চিকিত্সার জন্য গত জুলাইয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেন ভিলানোভা।