বিপাশা বসুর লিপে এলিটার কণ্ঠ

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২০:১৮
বাংলাদেশের আইটেম গানে এবারে নাচবেন বলিউডের বিপাশা বসু। অতি সম্প্রতি ফুয়াদ আল মুক্তাদিরের কম্পোজিশনে এই গানটি রেকর্ড হয়েছে। গানটি অনন্ত জলিলের নতুন সিক্যুয়েল ছবি ‘মোস্ট ওয়েলকাম টু’-এর জন্য তৈরি করা হয়েছে। আর এই চলচ্চিত্রে আইটেম গানে কণ্ঠ দিলেন বাংলাদেশের এলিটা করিম। বিপাশা বসুর লিপে এলিটার চলচ্চিত্রের গান প্রসঙ্গে শিল্পী বলেন, ‘এমনিতেই আমি খুব বেছে বেছে কাজ করে থাকি। সেদিক দিয়ে এ ধরনের কম্পোজিশনে আমার প্রথম গাওয়া। আর গানটি গাইবার পর আমি জানলাম এটি নাকি বলিউডের বিপাশা বসুর লিপে যাবে। সব মিলিয়ে তাই আমার জন্য বিষয়টি আনন্দের। কারণ আমার কাছে বিপাশা অনেক মেধাবী একজন অভিনেত্রী। আর আমার নিজেরও খুব প্রিয়।’ তিনি আরও বলেন, ‘এই গানটি গেয়ে আমার সহকর্মী কণাও খুব খুশি। কারণ ও সবসময়ই চায় আমি একটু দ্রুত লয়ের কোনো গান করি। সেদিক দিয়ে আমি অনেকদিন পর এমন চটুল কোনো গান গাইলাম। এখন এই গানটি দর্শকেরা কীভাবে নেয় সেটিই এখন দেখার বিষয়।’ উল্লেখ্য, এটি এলিটার কণ্ঠে তৃতীয় কোনো প্লেব্যাক। এর আগে এ বছরেই স্বপন আহমেদের ‘পরবাসিনী’ চলচ্চিত্রের টাইটেল গানটি গেয়েছেন তিনি। এ ছাড়াও দীর্ঘদিন পর এলিটা তার একক অ্যালবামের কাজ প্রায় শেষ করে ফেলেছেন। খুব শীঘ্রই কোনো মুঠোফোন এবং অডিও কোম্পানির ব্যানারে অ্যালবামটি রিলিজ দেবেন।