বোল্ট জিতলেন তবে ...

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২১:১৩
উসাইন বোল্ট গত বৃহস্পতিবার রাতে জুরিখের ওয়েল্টক্লাসিতে ডায়মন্ড চ্যাম্পিয়নস লিগে ১০০ মিটারে চ্যাম্পিয়ন হলেও সমর্থকদের মন জয় করতে পারেনি তা। কেননা মস্কোয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে সেরার মুকুট জয়ের আঠার দিন পর সুইস শহরটিতে দৌড়াতে নেমে বোল্ট ৯.৯০ সেকেন্ডে শেষ প্রান্তে পে্ৗছালেও নয়জনের লড়াইয়ে তার শুরুটাই ছিল মন্থরতম। বিশ্ব রেকর্ডধারী বোল্টকে এমন বাজে শুরুর কারণে ৮০ মিটারের আগ পর্যন্ত মরিয়া লড়াই চালাতে হয়েছে। কেবল শেষ কুড়ি মিটারে গিয়ে তিনি প্রতিদ্বন্দ্বীদের হঠিয়ে দিতে সক্ষম হন। মস্কোর পর এটাই ছিল সব মিলিয়ে ১০টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ সোনা জয়ী জ্যামাইকানটির প্রথম দৌড়াতে নামা। বোল্টের স্বদেশী নিকেল অ্যাসমিড ৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন এবং তৃতীয় স্থান পান মস্কোয় রৌপ্যজয়ী জাস্টিন গ্যাটলিন (৯.৯৬)। বোল্ট বিবিসি থ্রিকে বলেন, ‘আমার মনে হয় মৌসুম যত দীর্ঘ হতে থাকে তার সাথে পাল্লা দিয়ে খারাপ হয় আমার টাইমিংও। আমার দৌড় শুরু করতে সময় লেগেছে ০.১৮৬ সেকেন্ড। এটা আমার এই মৌসুমের সব থেকে বাজে শুরু। আমি আসলেই বুঝতে পারছি না কি ঘটছে। আমি যেমন ক্লান্ত, ভাল ব্যাপার হলো অন্যরাও তেমনি ক্লান্ত। এরপরও জয়ী হতে পেরে আমি খুশি।’ বোল্ট জুরিখে জিতলেও অ্যাথলেটিক্সের বিশ্ব সংস্থা আয়োজিত গোল্ডেন লিগে মৌসুম জুড়ে ধারাবাহিকতা রক্ষার সুবাদে খেতাব জেতেন গ্যাটলিন। এই রাতে গ্যাটলিনসহ ১৫ জন ডায়মন্ড লিগ জেতা অ্যাথলিটকে ট্রফির পাশাপাশি প্রত্যেককে ৪০ হাজার ডলার করে দেয়া হয়। জ্যামাইকার আরেক অ্যাথলিট শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস ২২.৪০ সেকেন্ডে ২০০ মিটারে জয়ী হন। মস্কোয় ১০০, ২০০ ও চার গুণীতক ১০০ মিটার রিলে দৌড়ে জিতে তিনটি ইভেন্টেই সফল হওয়া প্রথম মহিলা অ্যাথলিট হন শেলি। ওই রাতে লং জাম্পে সারা প্রোক্টরের কাছ থেকে আসে সেরা ব্রিটিশ পারফর্ম্যান্স। মস্কোয় ষষ্ঠ হওয়া এই অ্যাথলেট ৬.৮৮ মিটার দূরত্বে লাফিয়ে স্বর্ণ জয় করেন। আমেরিকার বিশ্ব চ্যাম্পিয়ন লশন মেরিট পুরুষদের ৪০০ মিটার জিতে গোল্ডেন লিগ জয়ী হন। মেয়েদের ৫০০০ মিটারের দৌড়ে ইথিওপিয়ার মেসেরেট ডেফার তুলে নেন শিরোপা। তিনি সময় নেন ১৪ মিনিট ৩২.৮৩ সেকেন্ড। উক্রাইনের বিশ্ব হাই জাম্প চ্যাম্পিয়ন বোহদান বোনডারেনকো কিউবার জাভিয়ের সতোমায়ারের ২.৪৫ মিটারের বিশ্ব রেকর্ডটি ভাঙ্গতে চেষ্টা চালালেও সফল হননি। সতোমায়ারের এ রেকর্ডটি ১৯৯৩ সালে গড়া হলেও এখনো অটুট আছে। বোহদান কেবল ২.৩৩ মিটার উঁচুতে উঠতে সক্ষম হন। নিউজিল্যান্ডের বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন ভ্যালেরি অ্যাডামস জেতেন মেয়েদের শটপুট। ফক্সস্পোর্টস