পেশাদার জীবনের শেষ স্বপ্ন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ক্যামেরুনের স্ট্রাইকার সামুয়েল ইতো। গত বৃহস্পতিবার রাতে চেলসিতে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন চার বারের আফ্রিকান বর্ষসেরা এই তারকা। আর ৭০ লাখ পাউন্ডের এই চুক্তির মাধ্যমে আবারও সাবেক কোচ হোসে মরিনহো’র সাথে জুটি বাঁধতে যাচ্ছেন এই খেলোয়াড়।
এর আগে গত বুধবার রাতেই তিনি লন্ডনে পৌঁছে যান, আর গতকাল শুক্রবার তার স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হয়েছে। স্পেন ও ইতালিতে সাফল্যের পর ইতো এবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার জন্য মুখিয়ে আছেন। এই সুযোগকে তিনি দেখছেন পেশাদার জীবনে নিজের শেষ স্বপ্ন পূরণ হিসেবে। চেলসি’র অফিসিয়াল ওয়েবসাইটকে তিনি বলেন, ‘এর আগেও আমি বেশ কয়েকবার ইংল্যান্ডে আসার সুযোগ পেয়েছি। এর মধ্যে একবার হোসে (মরিনহো) দলের কোচ ছিলেন। তবে, সেই কয়বারই ঠিক আসা হয়ে ওঠেনি।’
ক্যারিয়ারে এই পর্যন্ত তিনবার বার্সেলোনার হয়ে লা লিগার শিরোপা, ইন্টার মিলানের হয়ে তিনটি সিরি ‘এ’ শিরোপা ও সমান সংখ্যক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন ইতো। সাথে আছে একবার ফিফা ক্লাব বিশ্বকাপ ও ক্যামেরুন জাতীয় ফুটবল দলের হয়ে দুবার আফ্রিকান নেশন্স কাপ জয়। স্বর্ণালী ক্যারিয়ারের কথা মাথায় রেখেই ইতো বলেন, ‘আমি ভাগ্যবান যে, নিজের ক্যারিয়ারে বিভিন্ন দেশে অনেকগুলো শিরোপা জিতেছি। আর পেশাদার ক্যারিয়ারে আমার শেষ ইচ্ছা ছিল ইংল্যান্ডে খেলা। দেখা যাক আগের সাফল্যের ধারাবাহিকতা এখানেও ধরে রাখতে পারি কি না।’
৩২ বছর বয়সী ইতো আপাতত এই মৌসুমটাই খেলবেন স্ট্যামফোর্ড ব্রিজে। রাশিয়ান ক্লাব আঞ্জি মাকাচকালা থেকে চেলসিতে পাড়ি জমানো এই ফুটবলার এখানে কাটানো সময়টাকে পুরোপুরি উপভোগ করতে চান, ‘এটাকে আমি কোন ভাবেই শেষ চ্যালেঞ্জ হিসেবে দেখছি না। মূলত আমি এখানে কিছু ভাল সময় কাটাতে চাই; ফুটবলকে উপভোগ করে ক্লাবের জন্য সাফল্য বয়ে আনতে চাই।’
এক বছর শেষ হয়ে যাওয়ার পর চেলসির সাথে চুক্তি নবায়ন করার কোন ইচ্ছা আছে কি না? - এমন এক প্রশ্নের জবাবে ইতো বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের ব্যাপার নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। আগে ক্লাব আমার কাছে যেটা চায় সেটা দিয়ে তাদের সন্তুষ্টি অর্জন করতে হবে। এরপরই কেবল এই নিয়ে কথা বলা যাবে।’
ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনি’র জন্য দেয়া দুটি দর নাকোচ হওয়ার পর ইতোর দিকে হাত বাড়ান পর্তুগীজ কোচ হোসে মরিনহো। এই মরিনহোর অধীনেই ২০১০ সালে ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেন ইতো। এর আগে ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ানকে দলে নেয় চেলসি। ট্রান্সফারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার আগে আরেকজন আফ্রিকান খেলোয়াড়ের জন্য দর কষাকষি চালিয়ে যাচ্ছে চেলসি। তিনি হলেন পোর্তোর ক্রিশ্চিয়ান আতসু। সব ঠিক থাকলে ৩৫ লাখ পাউন্ডের বিনিময়ে ঘানার এই তারকা আসতে যাচ্ছেন চেলসিতে। আর রুনিকে পাওয়ার আশা এখন অনেকটা ছেড়েই দিয়েছেন মরিনহো।
