লিওনেল মেসি আরো একটি চ্যাম্পিয়ন্স লিগ অভিযানের গ্রুপ পর্যায়ে এসি মিলানের মতো কঠিন প্রতিপক্ষকে পেলেও আসন্ন লড়াইয়ের কথা ভেবে শিহরিত। যদিও গেল দুই মৌসুমেই কাতালানদের কাছে হেরে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ এ আসর থেকে বিদায় নিতে হয়েছিল সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলানকে। এসি মিলান ও বার্সেলোনা গেল দুই মৌসুমে ছয়বার মুখোমুখি হয় এবং এতে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে স্পেনিশরাই।
গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ড্রয়ে নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জুভেন্টাসের। শিরোপাধারী বায়ার্ন মিউনিখের গ্রুপে শক্তিশালী দল বলতে আছে ম্যানচেস্টার সিটি। দুই মৌসুম আগের চ্যাম্পিয়ন চেলসির সাথে আছে শালকে জিরো ফোর। তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার ইউনাইটেডের গ্রুপে কঠিন দল হলো ব্রাজিলীয় খেলোয়াড়ভিত্তিক ইউক্রেইনের দল শাখতার; এছাড়াও আছে জার্মানির লেভারকুসেন ও স্পেনের রিয়াল সোসিয়েদাদ।
বার্সেলোনার এই তারকা গেলবারের কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বে প্যারি সেন জার্মেইর বিরুদ্ধে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। তারপরও ফিরতি লেগে দলকে শেষ চারে পৌঁছাতে সাহায্য করেন তিনি। তবে সেবার তিনি পুরোপুরি ফিট না থাকায় স্পেনিশ জায়ান্টদের পক্ষেও গেলবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৭-০ গোলের হার এড়ানো সম্ভব হয়নি।
আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনোর কোচিংয়ে থাকা বার্সেলোনা এবারো চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট। তবে মিলান, সেল্টিক ও ডাচ চ্যাম্পিয়ন অ্যাজাক্সের কাছ থেকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে পারে। মেসি স্বীকার করছেন নকআউট রাউন্ড থেকে বের হওয়া সহজ হবে না। তাই ২৬ বছর বয়সী এই তারকা বলেন, ‘এই মৌসুমের গ্রুপটি সহজ হবে না। তারপরও আমরা ভাল কিছু খেলার প্রত্যাশা করছি। আপনি সহজ গ্রুপ পাবেন না। তারপরও এটা দারুণ। আমরা গেল মৌসুমে মিলান ও সেল্টিকের বিরুদ্ধে খেলেছি। তবে অ্যাজাক্সের বিরুদ্ধে এটাই আমাদের প্রথম খেলা। এই গ্রুপটা হবে কঠিন।’
মেসি বার্সেলোনার হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এবারের অভিযানেও তার লক্ষ্য শিরোপা এবং আশা করেন কোচ মার্টিনোর অধীনে গেল মৌসুমের হতাশা কাটাতে পারবে কাতালান দলটি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বায়ার্ন গেল মৌসুমে দুর্দান্ত ছিল। শুধু তাই নয়; তারা ছিল বার্সেলোনার চেয়ে সেরা। তবে আশা করি এই মৌসুমে আমরা আগের চেয়ে ভাল করতে পারবো। যখন আপনি বার্সেলোনার মতো দলে খেলেন তখন আপনার একমাত্র বিকল্প হলো চেষ্টা চালানো এবং সবকিছুই জেতা।’
চ্যাম্পিয়ন্স লিগের ড্র
গ্রুপ এ:
ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড), শাখতার ডোনেটস্ক (ইউক্রেইন), বায়ার লেভারকুসেন (জার্মানি) ও রিয়াল সোসিয়েদাদ (স্পেন)।
গ্রুপ বি:
রিয়াল মাদ্রিদ (স্পেন), জুভেন্টাস (ইতালি), গালাতাসারে (তুরস্ক), কোপেনহেগেন (ডেনমার্ক)।
গ্রুপ সি:
বেনফিকা (পর্তুগাল), প্যারি সেন জার্মেই (ফ্রান্স), অলিম্পিয়াকোস (গ্রীস), অ্যান্ডারলেখট (বেলজিয়াম)।
গ্রুপ ডি:
বায়ার্ন মিউনিখ (জার্মানি), সিএসকে মস্কো (রাশিয়া), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), ভিক্টোরিয়া প্লাজেন (চেক প্রজাতন্ত্র)।
গ্রুপ ই:
চেলসি (ইংল্যান্ড), শালকে (জার্মানি), বাসেল (সুইজারল্যান্ড), স্টুয়া বুখারেস্ট (রোমানিয়া)।
গ্রুপ এফ:
আর্সেনাল (ইংল্যান্ড), অলিম্পিক মার্সেই (ফ্রান্স), বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি), নেপোলি (ইতালি)।
গ্রুপ জি:
পোর্তো (পর্তুগাল), অ্যাথলেটিকো মাদ্রিদ (স্পেন), জেনিথ সেন্ট পিটাসবুর্গ (রাশিয়া), অস্ট্রিয়া ভিয়েনা (অস্ট্রিয়া)।
গ্রুপ এইচ:
বার্সেলোনা (স্পেন), এসি মিলান (ইতালি), অ্যাজাক্স (নেদারল্যান্ডস), সেল্টিক (স্কটল্যান্ড)।
