ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মালির রাজধানী বামাকোতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বুধবার কয়েক ঘণ্টার ভারী বর্ষণের ফলে নাইজার নদীর বাঁধ ভেঙ্গে যায়। প্রায় ১শ’ ঘরবাড়ি এসময় ধসে যায়। কয়েক হাজার মানুষ এতে গৃহহীন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদী তীরের মাটির তৈরি ঘরবাড়িগুলো। বন্যার পানির ধাক্কায় অনেক কংক্রিটের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ মাটির ঘরবাড়ি থেকে মানুষজনকে সরিয়ে দিচ্ছে। জুন থেকে অক্টোবরে ভারী বর্ষণের কারণে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে বন্যা দেখা দেয় । এসময় দুর্বল স্যানিটেশন ব্যবস্থার কারণে সেখানে নানা রোগের প্রাদুর্ভাব হয়। তবে এবার যে বন্যা দেখা দিয়েছে তা ভয়াবহ। বামাকোর একজন বাসিন্দা বলেন, আমি ৩০ বছর ধরে এই শহরে আছি কিন্তু এমন ভয়াবহ বন্যা দেখিনি।
