শুরু হচ্ছে অষ্টম সাফ চ্যাম্পিয়নশিপ

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:০২
নেপালের রাজধানী কাঠমান্ডু শহরটি চার দিকে পাহাড়ে ঘেরা। মাঝখানে শহর। উপরের দিকে তাকালেই দেখা যায় সাদা মেঘে মাঝে মাঝেই ঢেকে পড়া পাহাড়গুলো আকাশের বিশাল বিস্তারে দাঁড়িয়ে আছে। শহরের পরিবেশ অনেক ভালো। ঢাকার মতো কোলাহল পূর্ণ নয়। শব্দ দূষণ নেই। গাড়ির ধোয়া নেই। ঢাকার মতো গাড়ির হর্নের বিকট শব্দ নেই। ফুটপাত দিয়ে সহজেই হাঁটা যায়। রাস্তায় খুব একটা ট্রাফিক জ্যাম নেই। ট্যাক্সি দিয়ে সাধারণ মানুষের চলাচলটা বেশি। এই শহরের মাঝেই দশরথ ফুটবল স্টেডিয়াম। নেপালি ভাষায় রঙ্গশালা। এই স্টেডিয়ামেই আজ শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। আট দেশ লড়াইয়ের জন্য প্রস্তুতি শেষ করে এখন মাঠে নামার অপেক্ষায়। দশরথের মাঠে আজ উদ্বোধনী দিনে একটি মাত্র খেলা হবে। বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হবে। সন্ধ্যা পৌঁনে সাতটায় খেলা শুরু হওয়ার আগে উদ্বোধনী অনুষ্ঠান থাকবে। ভুটান ছাড়া বাদ বাকি দল বর্তমান চ্যাম্পিয়ন ভারত (র্যাংকিং ১৪৫), রানার্সআপ আফগানিস্তান (র্যাংকিং ১৩৯), গেলবারের সেমিফাইনালিস্ট মালদ্বীপ (র্যাংকিং ১৫৩) ও নেপাল (র্যাংকিং ১৭০) এবং গ্রুপ পর্ব থেকে বাদ পড়া শ্রীলংকা (র্যাংকিং ১৭০), বাংলাদেশ (র্যাংকিং ১৫৮) ও পাকিস্তান (র্যাংকিং ১৬৭) দল কাঠমান্ডু শহরের নিউ বানেশ্বরস্থ এভারেস্ট হোটেলে রয়েছে। এই হোটেলে জায়গা হয়নি বলে ভুটানকে (র্যাংকিং ২০৭) রাখা হয়েছে অন্য জায়গায়। গতকাল দুপুর থেকে পালাক্রমে দলগুলো সংবাদ সম্মেলন করে নিজেদের পরিকল্পনার কথা জানালেও সাংবাদিকরা উপস্থিত থাকা পর্যন্ত ভুটান এসে পৌঁছায়নি। জনাকীর্ণ সংবাদ সম্মেলন। ঢাকার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের ভিড় উপচে পড়া। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের ডাচ কোচ উইম কোভারম্যানস তার দল নিয়ে খুব বেশি কথা বলতে চাননি। যতটুকু বলেছেন তাতে দেখা যায় বাংলাদেশের ডাচ কোচ ক্রুইফের মতো তিনিও রাকঢাক করছেন। ভারতীয় কোচ কোভারম্যানস বলছেন, ‘এই সাফে সব দলই শক্তিশালী। আমরা কাউকে খাটো করে দেখছি না। প্রত্যেক ম্যাচই আমাদের কাছে ফাইনাল। ট্রফি ধরে রাখতে হলে সব ম্যাচই জিততে হবে। সেরা প্রমাণ করতে হলে সেরা খেলাটাই দেখাতে হবে।’ ভারতীয় ফুটবল দর্শকদের তরফে এই কোচ চাপে আছেন। কারণ তিনি দায়িত্ব নিয়ে শুরুতেই যেভাবে চমক দেখিয়েছিলেন এখন নাকি সেটা দেখাতে পারছেন না। এখন ভারতের সাফল্য পাওয়ার চেয়ে নিজের চাকরিটা বাঁচানোই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। নিজের জন্য হলেও শিরোপা চান তিনি। ২০ দিনের প্রস্তুতি নিয়ে আসা ভারত এখন ফিফা র্যাংকিংয়ে আফগানিস্তানের নিচে ১৪৫ নম্বরে। আফগানিস্তান সাফের সদস্য পদ পেয়েছে অনেক পর। অথচ আজ ফিফার র্যাংকিংয়ে আফগানিস্তানই এই আট দেশের মধ্যে সবার উপরে। ১৩৯ নম্বরে আফগানিস্তানের স্থান। টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ আফগানিস্তান এসেছে চ্যাম্পিয়ন হতে। তাদের সেমিফাইনালে উঠাটা প্রায় নিশ্চিতই বলা যায়। কারণ এ গ্রুপে আফানিস্তানের সাথে শক্তিশালী মালদ্বীপের পাশাপাশি আছে দুর্বল দল শ্রীলংকা এবং ভুটান। যুদ্ধ বিধস্ত দেশ আফগানিস্তান মাত্র দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে এসেছে। তারা নিজেদের মাটিতে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলেছে পাকিস্তানের (র্যাংকিং ১৬৭) বিরুদ্ধে এবং তাতে ৩-০ গোলে জিতেছে। এটা তাদের বড় প্রেরণা। এএফসির পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা মাথায় নিয়ে কাঠমান্ডু আসা কোচ ইউসুফ কারজার জানিয়েছেন একটা ম্যাচের বেশি খেলার উপায় ছিল না তাদের। কারণ ফেডারেশন ম্যাচের আয়োজন করতে পারেনি। আফগানিস্তান ফুটবল দলে ১০ জন খেলোয়াড় রয়েছেন যারা ইউরোপের বিভিন্ন লিগে খেলছেন। মালদ্বীপের হাঙ্গেরিয়ান কোচ উরবানী স্টিভেন এবার নিয়ে তিনটি সাফে এলেন। সাফ দেখার অভিজ্ঞতা তার বেশি হলেও তিনি বলেন, ‘আমার জন্য একটা সুবিধা বটে। তবে মাঠে খেলে আমি মালদ্বীপকে (র্যাংকিং ১৫৮) হারানো শিরোপা ফিরিয়ে দিতে চাই।’ গত সাফে ভারতের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল মালদ্বীপ। ২০০৩ সালে ঢাকায় ফাইনালে বাংলাদেশের কাছে টাইব্রেকারে হেরে যায় মালদ্বীপ। পাকিস্তানের দায়িত্বে থাকা সার্বিয় জাভিসা মিলোসেভলেইভিচকে বাদ দিয়ে আবার স্থানীয় কোচ শেহজাদ আনোয়ারের হাতে দায়িত্ব তুলে দিয়েছে। শেহজাদ দাবি করেছেন তাদের যে কোন দলকে হারানোর ক্ষমতা রয়েছে। দলে রয়েছেন ডেনমার্ক ইংল্যান্ডে খেলা ফুটবলার জেসান রহমান, ইজাজ বাট, ইউসুফ ইয়াকুব, হাসান বশির, আদনান ফারুক।