রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে তাজেরুল ইসলাম তাজ (৩৫) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ঢাকার খিলক্ষেতে এসেছিলেন সেনাবাহিনীর ট্রানজিট ক্যাম্পে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, সেনাবাহিনীর কর্পোরাল তাজেরুল ইসলাম তাজকে গত বৃহস্পতিবার রাতে খিলক্ষেত ফ্লাইওভারের নিচে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হলে গভীর রাতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্প থেকে বের হওয়ার পর রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্টে ফোন করে তাজের রাস্তায় পড়ে থাকার খবর জানায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সিএমএইচে পাঠানো হয়। তাজের মৃত্যুর কারণ হিসাবে হাসপাতালের নথিতে বলা হয়েছে, তাকে খাবারের সঙ্গে ‘নেশাজাতীয় চেতনাবিলোপকারী দ্রব্য’ খাওয়ানো হয়েছিল। তাজের গ্রামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জে।
