মিঠাপানির মাছের অন্যতম মত্স্য ভান্ডার কুলিয়ারচর মত্স্য আড়ত্ পুরনো ঐতিহ্য হারাতে বসেছে। কুলিয়ারচরে দেশের বিভিন্ন হাওড়, বিল ও নদীর মাছগুলো মত্স্য বেপারীরা কুলিয়ারচরের মত্স্য আড়তে এনে বিক্রি করেন। কুলিয়ারচরের মত্স্য আড়ত্ থেকে মাছ দেশের বিভিন্ন শহরের মত্স্য ব্যবসায়ীরা কিনে নিতেন। এই এলাকার ৪০% ভাগ জেলে ও শ্রমজীবী মানুষ এই ব্যবসায় জড়িত ছিল। বিভিন্ন আড়ত্দাররা কোটি টাকার দাদন খাটিয়ে কুলিয়ারচরে মত্স্য ব্যবসা করতেন। প্রতিদিন হাজার মণের চেয়েও বেশি মাছ এই আড়তে বিক্রি হতো। তিনটি নৌপথে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন মত্স্য ভাণ্ডার থেকে মাছ এখানে আসত। এনামুল হক সবুজ নামের একজন আড়ত্দার জানান, মত্স্য বেপারীরা মাছ বিক্রি করে টাকা নিয়ে ফেরার পথে অহরহ ঘটে নৌ ডাকাতি। খোয়া যায় মাছ বিক্রির টাকা। ফলে বাধ্য হয়ে বেপারীরা অন্যত্র যেমন চামরা ঘাট, বাজিতপুর, ভৈরব বিভিন্ন অঞ্চলে যেতে থাকে এবং এ কারণেই কুলিয়ারচরের মত্স্য বাজার নষ্ট হয়ে যাচ্ছে।
