‘তোমার ঐ মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও’, ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’, ‘আমি খুঁজে বেড়াই আমার মা’, ‘এই করে কেটে গেল ১২টি বছর’, ‘ঢোল’, ‘দেহ মাদল’সহ অসংখ্য গানের সুরস্রষ্টা বাসুদেব ঘোষ। বিশেষ করে শাশ্বত ধারার বাংলা গানের সংগীত পরিচালক হিসেবে তার বেশ সুনাম রয়েছে। দেশের পাশাপাশি ওপার বাংলায়ও তিনি সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশিষ্ট এ সুরস্রষ্টা এবার ২৪৪টি দেশাত্মবোধক গান নিয়ে একটি অ্যালবাম করছেন। এর নাম রেখেছেন ‘সূর্যালোকে শানিত প্রাণের গান’। এতে গান গেয়েছেন ২৪০ জন কণ্ঠশিল্পী। তাদের মধ্যে উল্লেখযোগ্য—সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, সুবীর নন্দী, রথীন্দ্রনাথ রায়, সুমনা বর্ধন প্রমুখ। এ অ্যালবামে বাসুদেব ঘোষ নিজেও দুটি গান গেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশ, মাটি ও মাকে ঘিরে অ্যালবামের প্রতিটি গানের কথা পরস্ফুিটিত হয়েছে। অনেক সাধনা, ত্যাগ-তিতিক্ষা ও সময় নিয়ে অ্যালবামটি করছি। বর্তমানে এর কাজ প্রায় শেষের পথে। আশা করি, বিজয় দিবসে অ্যালবামটি প্রকাশ করতে পারব।’ এদিকে অনুসন্ধান করে জানা গেছে, এর আগে বিশ্বের কোনো শিল্পী কিংবা সুরকারই একসঙ্গে এতগুলো দেশাত্মবোধক গান নিয়ে অ্যালবাম করেননি। মেক্সিকান এক কণ্ঠশিল্পী ১৮৮টি দেশাত্মবোধক গানের একটি অ্যালবাম প্রকাশ করে বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন। এবার বাসুদেব ঘোষ তাকেও টপকে গেলেন। খুব শিগগিরই তাই এই কাজটি এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট তিনি গিনেজ বুক অব ওয়ার্ল্ডের দফতরে জমা দেবেন বলে জানান বাসুদেব।
