প্লে-ব্যাক কিংবা নাটকের শীর্ষ সংগীতে বেশ কিছু গান করেছেন কণা-কিশোর। গানের নতুন জুটি হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন বেশ। তবে প্রথমবারের মতো কিশোরের একক অ্যালবামের জন্য গাইলেন কণা। সদ্য রেকর্ড হওয়া ‘তুই ছাড়া’ শীর্ষক এই গানটির সুর-সংগীত কিশোরের। আর কথা লিখেছেন মাহমুদ মানজুর। সেপ্টেম্বরের শেষ দিকে মুক্তি প্রতীক্ষিত কিশোরের নতুন এককের টাইটেল সং হিসেবে স্থান পাচ্ছে গানটি। প্রথমবারের মতো অ্যালবামের সবগুলো গানের সুর-সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। আর মাহমুদ মানজুর ছাড়াও অ্যালবামের বাকি গানগুলো লিখেছেন কবির বকুল, শফিক তুহিন, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি এবং আরাফাত সেতু। শিল্পী নিজেও একটি গান লিখেছেন। নতুন একক প্রসঙ্গে কিশোর বলেন, ‘গেল প্রায় দেড়-দু বছর ধরে গানগুলো গোছাচ্ছি। প্রায় ১৫টি গান তৈরি করেছি, এর মধ্য থেকে ১০টি গান চূড়ান্ত করেছি। আশা করছি এবারের গানগুলো সবার ভালো লাগবে।’
