অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ড দলের। পরের সপ্তাহে টেস্টের ভেতর দিয়ে শুরু হবে কিউইদের বাংলাদেশ সফর। কিন্তু এর আগে লম্বা একটা সময় ধরে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ব্যস্ত থাকবেন ঢাকা প্রিমিয়ার লিগে ৫০ ওভারের ম্যাচ খেলতে। বড় দৈর্ঘ্যের ম্যাচের ঘাটতি কাটাতে একটু ব্যতিক্রমীভাবেই তাই আগামী পরশু, ৩ সেপ্টেম্বর থেকে খুলনায় একটি তিন দিনের অনুশীলন ম্যাচ খেলবেন বাংলাদেশের শীর্ষ খেলোয়াড়রা।
গতকাল এই তিন দিনের ম্যাচের জন্য জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে অধিনায়ক করে ‘সবুজ দল’ ও সহঅধিনায়ক মাহমুদউল্লার নেতৃত্বে ‘লাল দল’-এর স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দু দলের হয়ে পরস্পরের বিপক্ষে লড়বেন জাতীয় দল ও তার আশেপাশে থাকা শীর্ষ সব খেলোয়াড়ই।
অবশ্য সদ্যই ক্যারিবীয় প্রিমিয়ার লিগ খেলে ফেরা সাকিব আল হাসান ও তামিম ইকবাল এই ম্যাচে থাকছেন না। সাকিব এমনিতেই ইনজুরির জন্য কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন। আর প্রধান নির্বাচক আকরাম খান জানালেন, প্রধান কোচ শেন জার্গুনসেন এই দু জনকেই বিশ্রামে রাখতে বলেছেন। কারণ, তারা টানা ক্রিকেটের মধ্যে ছিলেন।
প্রায় একমাস পরের টেস্টের জন্য এতো আগে একটি তিন দিনের ম্যাচ খেলাটা কতোটা কাজের, সেটা নিয়ে অবশ্য প্রশ্ন আছে। বিশেষ করে এই ম্যাচের পর আবার যখন টানা ৫০ ওভারের ম্যাচেই ফিরে যাবেন খেলোয়াড়রা; তখন এই অনুশীলন ম্যাচ আদৌ আর কোনো ভূমিকা রাখবে কি না, প্রশ্ন তা নিয়েও।
আকরাম খান মেনে নিলেন, এভাবে মানিয়ে নেয়াটা চ্যালেঞ্জ। তবে তিনি বলছেন, ‘আজকের দিনে তিন ফরম্যাটে এভাবে মানিয়ে নিতেই হচ্ছে। টেস্ট খেলেই টি-টোয়েন্টি অথবা ওয়ানডে খেলতে হচ্ছে। ফলে এই চ্যালেঞ্জ নিতে হবে। এর মধ্যেও যেহেতু অনেকদিন তারা বেশিরভাগই খেলার মধ্যে নেই, এই তিন দিনের ম্যাচটা অনুশীলনের জন্য খুব কাজের হবে।’
একই সঙ্গে প্রধান নির্বাচক আশাবাদী যে, নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সময় হলে আরও এক-দুটি বড় দৈর্ঘ্যের অনুশীলন ম্যাচ খেলানো যাবে জাতীয় দলের খেলোয়াড়দের।
লাল দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, জহুরুল ইসলাম অমি, মার্শাল আইয়ুব, নাঈম ইসলাম, নাসির হোসেন, শামসুর রহমান শুভ, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, মুক্তার আলি, শফিউল ইসলাম, সাজিদুল ইসলাম।
সবুজ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, মমিনুল হক, রকিবুল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, জিয়াউর রহমান, সোহাগ গাজী, এনামুল হক জুনিয়র, রবিউল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন।
