প্রথম ম্যাচের অপ্রত্যাশিত জয়ে শেষ ম্যাচ পর্যন্ত জিম্বাবুয়ের সিরিজ জয়ের প্রায় অসম্ভব স্বপ্ন টিকে ছিল। কিন্তু পাকিস্তান সে স্বপ্ন সত্যি হতে দেয়নি। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানেডেতে জিম্বাবুয়েকে ১০৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল পাকিস্তান। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজের শেষ এই ম্যাচে টসে জিতে পাকিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
এই ম্যাচে প্রায় সব পাকিস্তানি ব্যাটসম্যানই রান পেয়েছেন। অধিনায়ক মিসবাহ-ইল-হক সর্বোচ্চ ৬৭ রান সংগ্রহ করেন। এছাড়া আহমেদ সেহজাদ ৫৪, নাসির জামসেদ ৩৮, ওমর আমিন ৩৩ রান সংগ্রহ করেন। জিম্বাবুয়ের তেন্দাই ছেতারা তিনটি উইকেট নেন।
২৬১ রানের টার্গেট নিয়ে ব্যাটে নামা জিম্বাবুয়ে টপ অর্ডারের ব্যর্থতায় মাত্র ১৫২ রানে গুটিয়ে যায়। ম্যালকম ওয়ালার সর্বোচ্চ ৪৮ রান করেন। মোহাম্মদ হাফিজ, আব্দুর রেহমান এবং সাঈদ আজমল প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
