জয়ে শুরু শিরোপাধারী ভারতের

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
কাঠমান্ডু সাফ চ্যাম্পিয়নশিপে ভারতই ফেভারিটের তকমা লাগিয়ে নেপালে এসেছে। অথচ মাঠে তাদের পারফরম্যান্সে সেটা দেখা গেল না। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে দেশের চাপে থাকা পাকিস্তান ফুটবল দলই বরং নজরকাড়া ফুটবল খেলেছে ভারতের বিরুদ্ধে। গতকাল রাতে দশরথের মাঠে পাক-ভারত লড়াইয়ে পাকিস্তান হেরে গেলেও দর্শক মন জয় করেছে তারা। পাকিস্তানের একটা ভুলের সুযোগে ভারত ১-০ গোলে ম্যাচ জিতেছে। ম্যাচটা হেরে কষ্ট নিয়ে মাঠ ছেড়েছেন পাকিস্তান ফুটবলাররা। ম্যাচ জিতলেও এই জয়ে ভারতের কোনো অবদান ছিল না। ভাগ্যকে দুষেছেন পাকিস্তান কোচ শেহাজাদ আনোয়ার। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীর এতো নামডাক। প্রথমার্ধের খেলায় তার পায়ের কাজ নেপালী দর্শকদের চোখে না লাগলেও দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রীকে তার সহযোগী খেলোয়াড়রা তিনবার গোল করানোর সুযোগ করে দিলেও সুনীল ছেত্রী একবারও পোস্টে বল রাখতে পারলেন না। বরং গোল হজম করে ডেনমার্কের দ্বিতীয় বিভাগে খেলা ফরোয়ার্ড পাকিস্তানী হাসান বশির দারুণ খেলেছেন তিনি। তার সাথে রিয়াজ এবং আদিলের ডিফেন্স ভেদ করে বেরিয়ে যাওয়ার খেলাটা বাংলাদেশের জন্য অশনি সংকেত দিয়ে গেছে ডাচ কোচ ক্রুইফকে। ‘এ’ গ্রুপে নেপাল, বাংলাদেশের সাথে রয়েছে ভারত ও পাকিস্তান। সে কারণে গতকাল রাতেই ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে মাঠে ছিলেন বাংলাদেশ এবং নেপালের খেলোয়াড়-কোচরা। ভারতকে নিয়ে ভাবছিল বাংলাদেশ। কিন্তু কাল পাকিস্তান যে খেলাটা দেখিয়েছে তাতে মনে হচ্ছে ভারত নয় পাকিস্তানই এখন বাংলাদেশের মাথা ব্যথা। ১৪ মিনিটেই একটা ভুলে গোল হজম করে পাকিস্তান। সুনীল ছেত্রীর থ্রু বলে ক্রস করেন বলটা পাকিস্তানের ডিফেন্ডার অধিনায়ক সামার ইসহাকের পায়ে লেগে নিজেদের জালে ঢুকে যায় ১-০। ভাগ্য খুলে যায় ভারতের। এরপর গোলের জন্য পাকিস্তান ফুসে উঠল। একটানা চারবার গোলের সুযোগ তৈরি করল। কিন্তু রিয়াজ আদিলদের শট ভারতের জালে ঢুকল না। দ্বিতীয়ার্ধে ভারত ভালো খেললেও গোলের দেখা পেল না। ভাগ্যক্রমে পাওয়া গোলে ম্যাচ জিতে হোটেলে ফিরল ভারত। আজকের খেলা আফগানিস্তান - ভুটান মালদ্বীপ - শ্রীলংকা (বিকাল ৩টা ৪৫ ও ৬টা ৪৫)