বছর খানেক ধরেই সাকিব আল হাসান ও মোহাম্মদ হাফিজের মধ্যে এই এক নম্বরের লড়াইটা চলছে। সে লড়াইয়ে এবার পারফরম্যান্সের জোরেই আবার সাকিবকে হটিয়ে আইসিসির র্যাংকিংয়ে সেরা অলরাউন্ডার হয়েছেন মোহাম্মদ হাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ২৩২ রান করার পাশাপাশি দুটি উইকেট নিয়ে শীর্ষে উঠে এসেছেন এই পাকিস্তানী অলরাউন্ডার।
এই পারফরম্যান্সের ফলে এক নম্বরে চলে আসা হাফিজের পয়েন্ট এখন ৩৯৬। আর সাকিবের পয়েন্ট ৩৮৭।
২০০৯ সালে ওয়ানডে র্যাংকিংয়ে সেরা অলরাউন্ডার হওয়ার পর টানা এক বছরেরও বেশি সময় জায়গাটা ধরে রেখেছিলেন সাকিব। মাঝে তাকে হটিয়ে শেন ওয়াটসন এক নম্বরে এলেও কয়েক মাসের মধ্যে জায়গাটা উদ্ধার করেন বাংলাদেশি অলরাউন্ডার। এরপর গত জানুয়ারি থেকে হাফিজের সঙ্গে এই ওঠা-নামার খেলা শুরু হয়েছে সাকিবের। মজার ব্যাপার হল এবার ছাড়া প্রতিবার সাকিব-হাফিজের খারাপ পারফরম্যান্স তাদের জায়গা থেকে সরিয়ে দিয়েছে।
জানুয়ারিতে সাকিবের পয়েন্ট হারানোয় শীর্ষে চলে আসেন হাফিজ। আবার দক্ষিণ আফ্রিকা সফরে হাফিজের ব্যর্থতা মার্চে সাকিবকে এক নম্বরে নিয়ে যায়। কিন্তু জিম্বাবুয়ে সফরে সাকিবের অনুজ্জ্বল পারফরম্যান্স মে মাসে আবার শীর্ষে পৌঁছে দেয় হাফিজকে। এরপর গত জুনেও ঠিক একইরকম ঘটনা ঘটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাফিজের ব্যর্থতায় শীর্ষে উঠে আসেন সাকিব।
এই অনেকদিন পর হাফিজ নিজের পারফরম্যান্সের জোরে চলে এলেন র্যাংকিংয়ের শীর্ষে। ওয়ানডেতে সাকিবের এই উত্থানের ফলে দু্ই নম্বরে চলে আসা সাকিব টেস্টে শ্রেষ্ঠত্বটা হারিয়েছেন জ্যাক ক্যালিসের কাছে। সাকিবকে হটিয়ে সে জায়গাটা অনেকদিন ধরেই হাতে রেখেছেন ক্যালিস।
