জাতীয় দলের ইনজুরি নিয়ে মহাসমস্যায় পড়েছেন কোচ লোডউইক ডি ক্রুইফ। দলের সাথে থাকা ডাক্তার ইমরান সারাক্ষণ ব্যস্ত আছেন এসব সমস্যা নিয়ে। গোলকিপার মামুন খানও ইনজুরিতে পড়েছেন। তিনি তো নেপালের বিরুদ্ধে ৭৫ মিনিটের পর ব্যথা নিয়ে খেলেছেন। পায়ে ব্যথা পেয়ে কয়েকবার পড়ে গিয়েছিলেন তিনি। তাকে সেবা দিয়ে গোলপোস্টের নিচে দাঁড় করানো হলেও তিনি স্বাভাবিক খেলাটা খেলতে পারছিলেন না। তারপরও মামুন খানকে মাঠ থেকে তুলে নেয়ার সুযোগ ছিল না। কারণ তার আগেই ক্রুইফ তিনজন ফুটবলারকে পরিবর্তন করিয়ে কোটা পূরণ করে ফেলেছিলেন। খোড়া হয়ে পোস্ট আগলেছেন তিনি।
স্ট্রাইকার রনিও ইনজুরিতে পড়েছেন। তার কুচকিতে চোট। রনিও নেপালের বিরুদ্ধে বদলি খেলোয়াড় হিসাবে খেলেছেন। মাঝমাঠের দায়িত্বে থাকা ডিফেন্ডার মিশুকে তুলে নিয়ে রনিকে নামানো হয়েছিল। ফরোয়ার্ড সোহেল রানাও ইনজুরিতে রয়েছেন। তিনি দেশ থেকেই ইনজুরি নিয়ে নেপালে এসেছেন। ডিফেন্ডার লিংকনের পায়ের গোড়ালির পুরনো ব্যথা নতুন করে দেখা দেয় নেপালের খেলাটিতে। আর অধিনায়ক মামুনুল ইসলাম তো আগে থেকেই ইনজুরিতে। তার পরিবর্তে অধিনায়কত্ব করেন ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী।
