নাদালের অপেক্ষায় ফেদেরার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
আর মাত্র একটি ধাপ পেরোলেই অবসান হবে সকল অপেক্ষার। আজ শেষ ষোলোর লড়াইয়ে দুজন প্রত্যাশিত জয় পেলেই কোয়ার্টার ফাইনালে দেখা যাবে সময়ের অন্যতম বড় দুই টেনিস সুপারস্টার রজার ফেদেরার আর রাফায়েল নাদালের প্রথম ইউএস ওপেন লড়াই। আর সেই মহারণের আগে ফেদেরার গতকাল জানিয়ে দিলেন, নাদালের মুখোমুখি হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। টুর্নামেন্টের ড্রর পরেই বোঝা যাচ্ছিল অপ্রত্যাশিত কিছু না ঘটলে শেষ আটেই দেখা হচ্ছে দুজনের। গত শনিবার রাতে সহজ জয়ে দুজনেই বহুপ্রত্যাশিত সেই লড়াইয়ের দিকে এগিয়ে গেলেন আরেক ধাপ। তৃতীয় রাউন্ডে সুইস মাস্টার ফেদেরার এদিন ৬-৩, ৬-০, ৬-২ গেমে হারান ফ্রান্সের আদ্রিয়ান ম্যানারিনোকে। শেষ ষোলোতে তার প্রতিপক্ষ টমি রব্রেডো। দ্বিতীয় রাউন্ডের জয়ের পর নাদালের বিরুদ্ধে ঐ ম্যাচের বিষয়ে আগাম কিছু বলতে না চাইলেও এদিন আর মুখ বন্ধ রাখতে পারলেন না ফেদেরার। রেকর্ড ১৭ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন বলেন, ‘ঐ ম্যাচের বিষয়ে আগে থেকেই কিছু জানিয়ে দিতে সংবাদ মাধ্যমের তাড়াহুড়াটা আমি বুঝতে পারি। এটাই স্বাভাবিক। পুরো ক্যারিয়ার জুড়েই আমাকে এর মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেক সময় টুর্নামেন্ট শুরুর আগেই মানুষ আমাদের দ্বৈরথ নিয়ে কথা বলতে শুরু করে। আমরা দুজনেই এটার সাথে অভ্যস্ত। এটা কিভাবে সামলাতে হয় সেটাও আমরা জানি। তবে এটি পরিষ্কার যে, ইউএস ওপেনে প্রথমবারের মতো পরস্পরের মুখোমুখি হতে আমরা দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এদিকে একই রাতে ইভান ডডিচকে ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারানো নাদাল পরবর্তী রাউন্ডে খেলবেন ফিলিপ কোলস্ক্রেইবারের বিরুদ্ধে।