যাত্রাবাড়ীতে ড্রামে ভরা যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
যাত্রাবাড়ী এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উত্তর যাত্রাবাড়ী কলা পট্টিতে রবিবার সকালে ড্রামে লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ময়না তদন্তের জন্য লাশ সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ওই এলাকায় এক বাড়ির সীমানা দেয়ালের ভেতরে পরিত্যক্ত ড্রামের ভেতর হাত বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহত যুবকের বয়স আনুমানিক ২২/২৩। গলায় কালো দাগ ছাড়া শরীরের কোথাও কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে কেউ শ্বাসরোধ করে তাকে হত্যা শেষে ঘটনাস্থলে রেখে গেছে। এদিকে মিরপুর দিয়াবাড়ী ও ইস্কাটন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এরমধ্যে দিয়াবাড়ী এলাকায় বাসের ধাক্কায় সাথী বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। সাথীর বাড়ি পাবনার চাটমোহর এলাকায়। তিনি মিরপুর-১ এর দিয়াবাড়ী এলাকায় থাকতেন। অন্যদিকে ইস্কাটন এলাকার সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে বাসের ধাক্কায় সোহাগ নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত লোকজন কয়েকটি বাস ভাঙচুর করে। তার বাড়ি মাদারীপুরের শিবচরে। এছাড়া তেজগাঁওয়ে ‘সেবা’ নামে একটি খাবারের হোটেলে এক কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।