প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইরাক পুনর্গঠন এবং দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ও অগ্রগতি অর্জনের আশা-আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে ইরাকের জনগণ সে দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্ষম হবে। ইরাকের শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী নাসের আল-রুবাঈ গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইরাকের সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দেয়। তিনি বলেন, অভিন্ন বিশ্বাস, ইতিহাস ও ঐতিহ্যের বন্ধনে দু’দেশ গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ। তিনি কৃতজ্ঞতার সঙ্গে বাংলাদেশকে আরব দেশগুলোর মধ্যে ইরাকের প্রথম স্বীকৃতি প্রদান এবং নতুন দেশটির প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়ার কথা স্মরণ করেন।
শেখ হাসিনা সম্ভাব্য সহযোগিতার সকল ক্ষেত্রে ইরাকের সঙ্গে সম্পর্কের আরো উন্নয়ন ও সমপ্রসারণে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেয়ার জন্য ইরাকের সরকারের প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদেশে উঁচুমানের দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। তাছাড়া অনেক বাংলাদেশি শ্রমিকের ইরাকে কাজ করার পূর্ব অভিজ্ঞতা এবং দেশটির সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জ্ঞান রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় ও কঠোর পরিশ্রমী শ্রমিকেরা উভয় দেশের উন্নয়নে কাজ করতে পারে।
ইরাকের মন্ত্রী প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে তার সরকার বাংলাদেশ থেকে ১ হাজার শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং এ লক্ষ্যে শনিবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ থেকে ১ হাজার নার্স নিয়োগের লক্ষ্যে শিগগিরই একটি ইরাকী প্রতিনিধিদল এ দেশ সফর করবে।
জাবি ভিসির কাছে বাসের চাবি হস্তান্তর
পরে প্রধানমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের দেয়া একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের চাবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের হাতে তুলে দেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
