পুরান ঢাকার শাঁখারী বাজারকে হেরিটেজ এরিয়া ঘোষণার প্রতিবাদে গতকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে এলাকাবাসী। ‘শাঁখারী বাজার ভূমি মালিক স্বার্থ রক্ষা পঞ্চায়েত কমিটি’ হরতাল পালনের আহবান করে। এদিকে রাজউকের এ সিদ্ধান্তের প্রতিবাদে শাঁখারী বাজারে এবার শারদীয় দুর্গাপূজা না করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
পঞ্চায়েত কমিটির নেতারা জানান, ২০১২ সালের শেষের দিকে শাঁখারী বাজারের প্রতিটি বাড়ি নান্দনিক ও দার্শনিক তালিকায় অন্তর্ভুক্তির ঘোষণা দেয় রাজউক। ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নগর উন্নয়ন কমিটি পুরান ঢাকার কয়েকটি স্থানকে সংরক্ষিত ঘোষণা করে। এর মধ্যে শাঁখারী বাজারের ১৪২টি হোল্ডিং অন্যতম। এখানে প্রায় ৩০ হাজার বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও লিজপ্রাপ্ত রয়েছেন। তাদের মতামত ছাড়াই শাঁখারী বাজারকে সংরক্ষিত এলাকা ঘোষণা দেয়া হয়। এরই প্রতিবাদে রাজউকের এ সিদ্ধান্ত প্রতিরোধের ঘোষণা দিয়ে গঠন করা হয় ‘শাঁখারী বাজার ভূমি মালিক স্বার্থ রক্ষা পঞ্চায়েত কমিটি’।
