নতুন প্রজন্মের অনেক শিল্পীই ওস্তাদ মোমতাজ আলী খান সম্পর্কে তেমন কিছুই জানেন না। কিন্তু যখন তার গান ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া/কত যত্নে গড়াইয়াছেন সাঁই’ কিংবা ‘গুন গুন গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়।’ বেজে ওঠে তখন এই সুর শ্রষ্টাকে সহজেই খুঁজে পাওয়া যায় তার এসব মোহনীয় গানের সুরে। বাংলার গন্ডি পেরিয়ে ভারতবর্ষেও তার গান সমধিক জনপ্রিয়। শনিবার লোকসংগীত শিল্পী, গীতিকার ও সুরকার ওস্তাদ মোমতাজ আলী খানের ২৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান।
আলোচনা সভায় লোকাঙ্গনের সভাপতি নারায়ণ চন্দ্র শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আসাদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ওস্তাদ মোমতাজ আলী খানের উপর আলোচনা করেন তারই সুযোগ্য কন্যা লোকগীতি শিল্পী রুপু খান।
কবি আসাদ চৌধুরী বলেন, ওস্তাদ মোমতাজ আলী খান লোকগানকে অত্যন্ত সাবলীলভাবে পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের অন্তরে। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার ও শিল্পী। তিনি শিল্পী গড়ে তোলার একজন মস্ত কারিগর হিসেবেও কাজ করেছেন।
শিল্পী রুপু খান তার বাবার স্মৃতি রোমন্থন করে বলেন, তিনি ছিলেন অন্যতম এক পুরোধা ব্যক্তিত্ব।
