লিভারপুল গতকাল রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর মধ্য দিয়ে যেভাবে সূচনা করেছে, গত ১৯ বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে এতো ভাল সূচনা করতে পারেনি দলটি। খেলা শুরুর পর চতুর্থ মিনিটেই ড্যানিয়েল স্টুরিজ ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল জড়িয়ে দেন। কোচ ব্রেন্ডন রজার্সের দল শেষ পর্যন্ত ১-০ ব্যবধানটি ধরে রাখতে সক্ষম হয়। শুধু তাই নয়, টানা তিন ম্যাচে দলের জয়সূচক গোল করা স্টুরিজের সুবাদে ইংলিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিভারপুল। আর নিজের ২৪তম জন্মদিনে মাঠে নেমে দলের জয়সূচক গোল করায় উদ্যাপনটা ভালোই হলো স্টুরেজের।
গতকালের ম্যাচে মোট ছয়জন হলুদ কার্ড দেখেছেন। এর মধ্যে রবিন ভন পার্সিসহ চারজনই ম্যানচেস্টার ইউনাইটেডের। উল্লেখ্য এর আগের পাঁচবারের সাক্ষাতে তিনবারই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল। এদিকে গত শনিবার ম্যানচেস্টার সিটি ২-০ ব্যবধানে হাল সিটিকে হারায়। এছাড়া দিনের অপর খেলাগুলোয় কার্ডিফ সিটি এভারটনের সাথে গোলশূন্য ড্র করে, নিউক্যাসল ইউনাইটেড ১-০ গোলে হারায় ফুলহ্যামকে, নওরিচ সিটি সাউম্পটনকে হারায় ১-০ ব্যবধানে, স্টোক সিটি ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারায় ০-১ ব্যবধানে এবং ক্রিস্টাল প্যালেস সান্ডারল্যান্ডকে হারায় ৩-১ ব্যবধানে।
