দক্ষিণ আফ্রিকা সফরের আগেই আগামী নভেম্বরে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অন্ততপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই টেস্ট সিরিজে খেলার মধ্য দিয়ে শচীন টেন্ডুলকার ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০তম আন্তর্জাতিক টেস্ট খেলবেন।
গতকাল রবিবার বিসিসিআই-এর পক্ষ থেকে যখন ওয়েস্ট ইন্ডিজের ইন্ডিয়া আসার খবর জানানো হয়, তখন ভারতের দক্ষিণ আফিকা সফর নিয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে কোনো কথাই বলা হয়নি।
এই সিরিজের মাধ্যমে টেন্ডুলকার যেমন ২০০ টেস্টের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তেমনি দীর্ঘদিন পর নিজেদের মাটিতে খেলার সুযোগ হবে ভারতীয় ক্রিকেটারদের।
বিসিসিআই সভাপতি এন শ্রিনিবাসন পিটিআইকে বলেন, ’আমি এটা বলিনি যে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করা হয়েছে। আমরা শুধু নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবো। আমাদের দিক থেকে কেউ ওয়েস্ট ইন্ডিজের সাথে এই সিরিজ নিয়ে দ্বিমত করেননি। আবার দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কোনো আলোচনাও হয়নি।’
এদিকে দক্ষিণ আফ্রিকা ২১ নভেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে ভারতের সাথে দুইটি টি-টোয়েন্টি, সাতটি ওয়ানডে এবং দুইটি টেস্ট খেলার ঘোষণা দিয়েছিল গেল জুলাই মাসেই; কিন্তু বিসিসিআই-এর বোর্ড সেক্রেটারি সঞ্জয় প্যাটেল অভিযোগ করেছে যে, সিএসএ (দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড) বিসিসিআই-এর সাথে আলোচনা না করেই এই ঘোষণা দিয়েছে।
