মুনাফা তুলে নেয়ার প্রবণতায় শেয়ারবাজারে সূচক কমেছে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৬
মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকে শেয়ারবাজারে গতকাল সোমবার বেশিরভাগ কোম্পানির দর পতন হয়েছে। ফলে স্বল্প ও ক্ষুদ্র মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের দর পতন বেশি হয়েছে। গত কয়েকদিনে এ কোম্পানিগুলোর দর বাড়ার পর গতকাল দর কমেছে। স্বল্প মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের দর কমেছে ১.৫৭ শতাংশ। আর ক্ষুদ্র মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের দর পতন হয়েছে ২.৭২ শতাংশ। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৫২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৬৮৪ টাকা। যা আগের দিনের চেয়ে ৬২ কোটি ৩৭ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের। এদিকে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই’র সম্পদ-সম্পত্তির হালনাগাদ অবস্থা জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত সপ্তাহে এই চিঠি দেয়া হয়েছে। ৩ সেপ্টেম্বরের মধ্যে ডিএসইকে চিঠির জবাব দিতে বলা হয়েছে। সে হিসাবে আজই জবাব দেয়ার শেষ দিন। জানা গেছে, বিএসইসির চিঠিতে বেশ কয়েকটি বিষয় ডিএসইর কাছ থেকে জানতে চাওয়া হয়। এগুলো হলো- ডিএসইর সম্পত্তিগুলো কী অবস্থায় রয়েছে, সম্পদগুলো কীভাবে ব্যবহূত হচ্ছে, কোনো সম্পদ কাউকে বরাদ্দ দেওয়া হয়েছে কি না ইত্যাদি।