রাঁধুনি হিসাবে রোবট
রাঁধুনি হিসেবে কাজ করছে রোবটকে। কল্পনা নয়, বাস্তবেই এ রকম রোবট তৈরি করা হচ্ছে। পোল্যান্ডের একদল শিক্ষার্থী সম্প্রতি এ রকম প্রকল্প হাতে নিয়েছে। তারা তাদের এ প্রকল্পটির নাম দিয়েছে, ‘লেটস কুক দ্য ফিউচার’। এ কাজে তারা প্রধানত কারখানায় গাড়ি তৈরির কাজে ব্যবহূত একটি রোবটকে এমনভাবে প্রোগ্রাম করেছে, যাতে এটি গাড়ির বিভিন্ন কাজের মতো রান্নার কাজও করতে পারে। ‘লেটস কুক দ্য ফিউচার’ প্রকল্পের রোবটটি থ্রি-ডাইমেনশনাল প্রযুক্তির সাহায্যে বর্তমানে যে কোন আকৃতির বিস্কুট তৈরি করতে পারছে।— সিএনএন
ডেটিং প্রতারণায় মা ও মেয়ে
ইন্টারনেট ডেটিং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ায় জেল হয়েছে মা ও মেয়ের। তারা এ ডেটিং প্রতারণার মাধ্যমে ১১ লাখ ডলার অর্থ হাতিয়ে নিয়েছে। অপরাধীরা হলেন ৬৩ বছর বয়সী কারেন ভেসার এবং ৪২ বছর বয়সী ট্রেসি ভেসার। তারা বিভিন্ন মানুষকে এমন ধারণা দিতেন যে, তারা মনে করতেন তাদের ভালোবাসার বিষয়টি নিয়ে তারা যুক্তরাষ্ট্রের সেবাপ্রদানকারী কর্মীদের সঙ্গে কথা বলছেন। আর এভাবেই বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ অর্থ তারা সংগ্রহ করত।— বিবিসি
হেলিকপ্টার ধ্বংস করল নাসা
সামরিক ও বেসামরিক ক্ষেত্রে হেলিকপ্টারের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি কমাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ফেডারেল এভিয়েশনের যৌথ সহযোগিতায় পরীক্ষামূলকভাবে একটি হেলিকপ্টার ধ্বংস করেছে নাসা। এ গবেষণায় বিজ্ঞানীরা কৃত্রিমভাবে সংঘর্ষ সৃষ্টি করেন। তাতে প্রায় ৩৩ ফুট উচ্চতা থেকে একটি পুরনো হেলিকপ্টার ছেড়ে দেয়া হয়। মাটিতে আঘাত হানার সময় কপ্টারটির গতি ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার। পুরো প্রক্রিয়াটি ৪০টি দ্রুতগতির ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হয়।— রয়টার্স
