আয়োজনের আড়ম্বড়তা নিয়েই শেষ হলো ৩ দিনব্যাপী ২৭তম উত্তর আমেরিকা বাংলাদেশ কনভেনশন মায়ামীর জুলিয়াস লিটম্যান থিয়েটারে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ৩১ অগাস্ট সামিরা আব্বাসীর পরিবেশিত মন মাতানো গান দর্শকদের মুগ্ধ করে। প্রথমে জনপ্রিয় আধুনিক গান দিয়ে শুরু করেন শিল্পী। এর পরে বিখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমানের ‘যে জন প্রেমের ভাব জানে না’ গানটি পরিবেশনের সময় বহু দর্শক শিল্পীর সাথে কণ্ঠ মেলান। বিশিষ্ট সংগীতশিল্পী, কবি ও চলচ্চিত্র নির্মাতা সামিরা আব্বাসী অনুষ্ঠান শেষ করেন তার দাদা কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দীনের প্রবল জনপ্রিয় গান ‘আল্লাহ মেঘ দে পানি দে’ গানটি দিয়ে।
এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা বিশিষ্ট শিল্পী কনক চাঁপা, লীনা তাপসী, ডলি সায়ন্তী, জেমসসহ অনেক শিল্পীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান প্রসঙ্গে কণ্ঠশিল্পী সামিরা আব্বাসী বলেন, ‘এটা একটি অনুষ্ঠানের চাইতেও অনেক বড় কিছু হয়ে ওঠে যখন বাংলাদেশের সংস্কৃতি বিশ্বের অন্য দর্শকেরা উপভোগ করে। এখানেই যেন তখন এক টুকরো বাংলাদেশ তৈরি হয়ে যায়।’
