অবশেষে ইতালিতে ‘পরবাসিনী’ চলচ্চিত্রের শেষ শুটিং সম্পন্ন হচ্ছে। এরই মধ্যে শুটিং লোকেশন ও দিনক্ষণ ঠিক করা হয়ে গেছে। স্বপন আহমেদ বলেন, ‘আমি এ দেশে প্রথম নতুন কোনো কনসেপ্টের ছবি শুরু করতে যাচ্ছি। ভেবেছিলাম অনেকের সাপোর্ট পাব। তবে কিছু কাছের মানুষের বৈরি আচরণে আসলেই খুবই কষ্ট পেতে হয়েছে। আমি এটা প্রত্যাশাও করিনি। কারও কারও মুখে শোনা গেছে ‘পরবাসিনী’ ছবিটি নাকি রিলিজ হওয়ারই কোনো সম্ভাবনা নেই। আমরা এতটা পরিশ্রম দিয়ে তিলে তিলে ছবিটি তৈরি করেছি তবে কি ব্যর্থ হওয়ার জন্য। নিন্দুকদের হাসানোর জন্য। তবে আমি জানি ছবিটি রিলিজের পর তারাই প্রথম আমাকে কনগ্রাচুলেট করবেন। আমি সেইদিনটার অপেক্ষায় রয়েছি।’
এরই মধ্যে ফ্র্যান্স, ইতালিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে ছবির শুটিং লোকেশন নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ছবির শেষ অংশের এডিটিং ও স্ক্রিপ্টের কাজে ডেভিড নামের একটি বিদেশি কারিগরী পরিচালকও কাজ করছেন স্বপন আহমেদের সাথে। নির্মাতা প্রত্যাশা করছেন আগামী বছরের ভ্যালেন্টাইনে ছবিটি রিলিজ দেবেন।
