নিজের ইনস্ট্রুমেন্টাল সিডির কাজ প্রায় গুছিয়ে আনলেও আপাতত এই অডিও বাজারের বেহাল অবস্থায় রিলিজের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন এ সময়ের সবচেয়ে মেধাবী গিটারিস্ট রাজীব হোসেন। এরই মধ্যে অবসকিউর ব্যান্ড নিয়ে নিজের স্টেজ শো আর রেকর্ডিংয়ে বেজায় ব্যস্ততা তার। দিনরাত তাই গিটার ওয়ার্কে আর স্টুডিওতে সময় দিয়ে কেটে যাচ্ছে। এর পাশাপাশি একাধিক রিয়েলিটি শো’তে লাইভ বাজানোর জন্য বেশ খানিকটা সময় আলাদা করে রাখতে হয় তার।
নিজের কাজের বিবরণ দিতে গিয়ে রাজীব বলেন, ‘এখন চ্যানেল ও একাধিক টিভি লাইভ আর রিয়েলিটি শো হওয়াতে মিউজিশিয়ানদের আর্থিক স্বচ্ছলতা বেড়েছে। কিন্তু এরপরও নতুন কনসেপ্টের কিছু ভাবা উচিত বলে আমি মনে করি। কারণ পাশের দে, ভারত যেখানে একাধিক ইনস্ট্রুমেন্টাল শো যেমন কোক স্টুডিও, আনপ্লাগড শো করছে সেখানে আমাদের দেশে মিউজিক্যাল প্রোগ্রামগুলো যেন একই বৃত্তে শুধু ঘুরপাক খাচ্ছে। এ অবস্থার পরিবর্তন হওয়া উচিত।’
এ দেশের একাধিক শীর্ষ ব্যান্ডদলের সাথে ওতপ্রোতভাবে জড়িত রাজীবের এখনকার ধ্যান-জ্ঞান শুধুই অবসকিউর। রাজীব জানান, ‘টিপু ভাই অসম্ভব বিনয়ী একজন মানুষ। সবচেয়ে বড় কথা আমাদের দেশে ব্যান্ডদলগুলোর ভেতরেও গণতন্ত্রের অভাব থাকে যা আমাদের অবসকিউরে নেই। এখানে আমরা সবাই স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারি।’
