অবশেষে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাজু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৯
অপেক্ষার পালা অবশেষে সাঙ্গ হলো পেসার আবুল হোসেন রাজুর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে তাকে অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ত্রোপচার করিয়ে আসার অনুমতি দিয়েছে। গতকাল বিসিবির কাছ থেকে কাগজপত্র পেয়ে হাসিমুখে নিজেই বললেন, ‘ভিসা পেলে তবে তারিখ ঠিক করবো। আপাতত স্বস্তি লাগছে যে, অস্ট্রেলিয়া গিয়েই অস্ত্রোপচারটা করাতে পারবো।’ ইনজুরির সঙ্গে সখ্যতা আবুল হোসেনের আজকের নয়। জাতীয় দলে ঢোকার আগে থেকেই ইনজুরি এই পেসারের ক্যারিয়ারে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। তখনকার হাঁটুর ইনজুরি ইতিমধ্যে একবার অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ত্রোপচার করিয়ে এসেছেন অভিষেক টেস্টে দশ নম্বরে নেমে সেঞ্চুরি করা আবুল হোসেন। কিন্তু গত শ্রীলঙ্কা সফর থেকে তাকে ভোগাচ্ছে মেরুদণ্ডের ইনজুরি। এই ধরনের ইনজুরি পেসারদের জন্য খুব নিয়মিত ঘটনা হলেও আবুল হোসেনের ক্ষেত্রে সাধারণ চিকিত্সায় সুফল পাননি বিসিবি চিকিত্সকরা। ফলে তাকে দেশের বাইরে পাঠিয়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত কয়েক দিন আগেও নেয়া হয়েছে। কিন্তু প্রশ্ন ছিল, কোথায় পাঠানো হবে আবুল হোসেনকে। সর্বশেষ ব্যাংককে পাঠিয়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু দু’দিন আগে আবার সে সিদ্ধান্ত থেকে সরে এসে অস্ট্রেলিয়ায় পরিচিত চিকিত্সকদের কাছেই তাকে পাঠানোর সিদ্ধান্ত হয়।