মিলানে কাকার প্রত্যাবর্তন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
গ্যারেথ বেলের আগমনের আড়ালে অনেকটাই ঢাকা পড়ে গেল আরেক রিয়াল সুপারস্টার কাকার ট্রান্সফারের বিষয়টি। সান্তিয়াগো বার্নাব্যুতে চার বছর কাটানোর পর গত রবিবার রাতেই সাবেক ক্লাব এসি মিলানে যোগ দিলেন এই ব্রাজিলিয়ান। এসি মিলানের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে প্রত্যাবর্তনের বিষয়টি । সাধারণ এক ফুটবলার থেকে বলা চলে এই মিলানেই তার মহাতারকা হয়ে ওঠা। ক্যারিয়ারের স্বর্ণসময়টা কাটিয়েছেন রোসেনেরিদের জার্সি গায়েই। ইনজুরির সাথে সখ্যতা আর কোচদের সঙ্গে ক্রমেই দূরত্ব বেড়ে চলায় রিয়ালে চারটি বছর ভালো কাটেনি মোটেই। ২০০৯ সালে মিলানের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে স্প্যানিশ জায়ান্টদের সাথে যোগ দিলেও, গত চার বছরে সাদা জার্সি গায়ে খেলেছেন মাত্র ৮৫টি ম্যাচ। আবারো মিলানে ফিরতে পেরে এই ৩১ বছর বয়সীর মুখে ছিল তাই ঘরে ফেরার স্বস্তি। লিনেট এয়ারপোর্টে নামার পর কাকা সাংবাদিকদের বলেন, ‘চারটি বছর পরে আবার সেখানে ফিরলাম। গত দুই সপ্তাহ ধরেই আমি ভাবছিলাম, মিলানে ফিরতে পারাটাই আমার জন্য আদর্শ হবে। সান সিরোতে সমর্থকরা আমার নাম ধরে চিত্কার করছে ; সত্যি বলতে কি এই দৃশ্য দেখতে আমার আর তর সইছিল না।’ এদিকে কাকার আগমনে দারুণ উচ্ছ্বসিত মিলানও। ক্লাব সহ-সভাপতি আদ্রিয়ানো গ্যালিয়ানি বলেন, ‘গত রাত (পরশু) আড়াইটায় চুক্তি সম্পন্ন হয়। আমার মনে হয় কাকার এতিম সন্তানগুলো, সেই ১৫,০০০ সমর্থক আবারো সানসিরোতে আসতে শুরু করবে। মিলানে ফিরতে তার আকাঙ্ক্ষা ছিল চোখে পড়ার মতো। মিলানের জার্সির প্রতি সে সত্যিকারের ভালবাসাই দেখিয়েছে।’