লা লিগায় মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আর এর সুবাদেই মৌসুমের শুরুতেই টানা তৃতীয় ম্যাচ জিতলো জায়ান্ট ক্লাব বার্সেলোনা। রবিবার রাতে অ্যাওয়ে ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে পরাজিত করে কোচ জেরার্ডো মার্টিনোর দল।
ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৪১ মিনিটের মধ্যে তিনটি গোলই করেন লিওনেল মেসি। তবে, দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফিরে আসে ভ্যালেন্সিয়া। হেল্ডার প্রোস্টিগার দুই গোলে রীতিমতো ঘাম ছুটে যায় কাতালানদের। তবে, শেষ পর্যন্ত আর সমতায় ফেরা হয়নি বার্সার। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এই জয়ে তিন ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন নয়। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে তাদের সাথেই অবস্থান করছে আরেক জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শেষে বার্সেলোনা দলের সদস্য আন্দ্রেস ইনিয়েস্তা ক্যানাল প্লাসকে বলেন, ‘এটা অনেক কঠিন একটা পরিস্থিতি ছিল। এই অবস্থা থেকে ভাল পারফর্ম করা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য ছিল। প্রথমার্ধে আমরাই এগিয়ে ছিলাম। তিনটি গোল করে তাদের (ভ্যালেন্সিয়া) আমরা বেশ চাপের মধ্যে রেখেছিলাম।’
সব শেষে দলের মধ্যে উন্নতির ধারা দেখতে পাচ্ছেন ইনিয়েস্তা, ‘প্রশ্ন হচ্ছে আমরা কি উন্নতি করছি কি না। আমরা ভাল খেলছি। তবে, মাত্রই মৌসুম শুরু হল। আমাদের আরও বড় একটা পথ পাড়ি দিতে হবে।’
