কাঠমান্ডু সাফে নতুন রেকর্ড গড়েছে মালদ্বীপ। গতকাল দশরথের মাঠে মালদ্বীপ ১০-০ গোলে শ্রীলংকাকে হারিয়েছে। ডাবল হ্যাটট্রিক করেছেন স্ট্রাইকার আলী আশফাক।
এপর্যন্ত সাফে এটিই হচ্ছে ম্যাচ জয়ের বড় রেকর্ড। আগের রেকর্ডটিও মালদ্বীপের ঘরেই রয়েছে। ২০০৫ সালে মালদ্বীপ ৯-১ গোলে আফগানিস্তানকে হারিয়ে ছিল। সে ম্যাচেও আলী আশফাক হ্যাটট্রিক করেছিলেন। কাল দশরথে ম্যাচের পঞ্চম আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় মালদ্বীপ। ২১ মিনিটে শ্রীলংকান গোলকিপার ইমরান লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন। পেনাল্টি থেকে প্রথম এবং ৪৪ মিনিটে দ্বিতীয় পেনাল্টি থেকে আলী আশফাক গোল করেন ৩-০। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেন কুশলী ষ্ট্রাইকার আশফাক ৪-০। ১০ জনের শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচের পঞ্চম এবং ষষ্ঠ গোলটিও আসে আশফাকের পা থেকে। হাসান আধুহাম সপ্তম, আলী ফাসির অষ্টম, আলী ওমর নবম এবং দশম গোলটি করেন আবার সেই আশফাক ১০-০। সাফের গোলের তালিকায় এই আলী আশফাক ছয় গোল করে শীর্ষে উঠে গেলেন।
