জাবিতে র্যাগিংয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের এক শিক্ষার্থীকে র্যাগিংয়ের (শারীরিক নির্যাতন) প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ সহপাঠিরা। ৪২তম ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ, রবিবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাইফুল ইসলাম (সরকার ও রাজনীতি বিভাগ, ৪২তম ব্যাচ) নামের এক নবীন শিক্ষার্থীকে সারোয়ার বাঁধন (নগর অঞ্চল পরিকল্পনা), জামিল (পদার্থবিজ্ঞান), রাজিব (নগর অঞ্চল পরিকল্পনা), তাজবিউর রহমান মাশুকসহ (সরকার ও রাজনীতি) ৪১তম ব্যাচের আরো কয়েকজন শিক্ষার্থী র্যাগিং করে। সহপাঠিদের অভিযোগ, সাইফুলকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। পরে রাত ২টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার বিচারের দাবিতে ক্লাস বর্জন করে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে তারা সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। সহকারী প্রক্টর কাজী সাইফুল ইসলাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলসহ ছাত্রলীগ নেতৃবৃন্দের আশ্বাসে তারা অবরোধ কর্মসূচি স্থগিত করে। পরে দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এক সাংবাদিক সম্মেলনে অভিযুক্ত বাঁধনসহ তার সহপাঠিরা জানান, বঙ্গবন্ধু হলের প্রথমবর্ষের দশ-বারোজন ছাত্র তার বান্ধবীকে উক্ত্যত করায় ওদের রুমে ডেকে এর কারণ জানতে চাওয়া হয়েছে। তারা সাইফুলকে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন। বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক এমএ মতিন জানান, প্র্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। ছাত্রলীগের মানববন্ধন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির কর্তৃক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল-তুহিনের রগ কর্তনসহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ ও অভিযুক্তদের বিচার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এ মানববন্ধন পালন করে তারা। এতে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তদন্ত কমিটি : ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আব্দুর রহিম সৈকত আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর অধ্যাপক মুজিবর রহমানকে প্রধান করে গঠিত ৫ সদস্য বিশিষ্ট এ কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।