কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ শিক্ষার্থীকে অধ্যাপক সিতারা পারভীন বৃত্তি দেয়া হয়েছে। সম্প্রতি আরসি মজুমদার হলে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। বৃত্তি প্রাপ্তরা হলেন— জাহিদুল ইসলাম সরকার, মেহনাজ হক রকি, নূর-ই মকবুল, জুয়েল মিয়া, শারমিন আহমেদ, ফারজানা রশীদ রুমানা, আসমাউল হুসনা, মামুনুর রশিদ, ডিএম তৌহিদুল আলম এবং তানিয়া মুন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আগামীতে দেশের নেতৃত্ব দেবে এতে কোনো সন্দেহ নেই। এ ধরনের পুরস্কারের মাধ্যমে আমরা তাদের উত্সাহ প্রদান করার চেষ্টা করে থাকি, যেন তারা তাদের মেধার যোগ্য স্বীকৃতি লাভ করতে পারে ও এই উত্সাহকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে ভবিষ্যত্ জীবনে আরো কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করতে পারে।’
উপাচার্য আরো বলেন, ‘তরুণ প্রজন্মকে মাথা উঁচু করে বাঁচতে হবে; সত্যের সঙ্গে বাঁচতে হবে। সত্যকে পাশ কাটিয়ে কেউ কোনোদিন সাফল্য অর্জন করতে পারে না। তাই, সাংবাদিকতা পেশাকে যারা ব্রত হিসেবে নেবে, তাদের সত্যকে তুলে ধরতে হবে, সংবাদ প্রকাশে হতে হবে বস্তুনিষ্ঠ।’
