তেজস্ক্রিয়তা বন্ধে ৪৭৩ মিলিয়ন ডলার বিনিয়োগ হচ্ছে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৩
ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র ছিদ্র হয়ে তেজস্ক্রিয় পানি নির্গত হওয়া বন্ধে ৪৭৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে জাপান। সরকারের মুখপাত্র ইয়োশিহিদে সুগা বলেন, ছিদ্রটি আরো খারাপের দিকে যাচ্ছে এবং সরকার অনুভব করছে এ ব্যাপারে আরো বেশি কিছু করা জরুরি। -খবর বিবিসির। ২০১১ সালে সুনামি ও ভূমিকম্পের ফলে জাপানের এই পারমাণবিক কেন্দ্রটির ব্যাপক ক্ষতি হয়। নষ্ট হয়ে যায় পারমাণবিক চুল্লি শীতল করার ব্যবস্থা। পরে পানি পাম্প করে পারমাণবিক চুল্লি ঠাণ্ডা করার ব্যবস্থা নেয়া হয়। কিন্তু তেজস্ক্রিয় পানি সংরক্ষণ করাটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) সামনে। ইয়োশিহিদে সুগা বলেন, ভূ-অভ্যন্তরের পানির সঙ্গে যাতে দূষিত পানি না মিশতে পারে সেজন্য পারমাণবিক চুল্লির চারপাশে হিমায়িত মাটির একটি দেয়াল তৈরি করা হবে। পানি দূষণ রোধে পানি শোধন ব্যবস্থা আরো উন্নত করা হবে। ক্ষতিগ্রস্ত চুল্লি ঠাণ্ডা করার জন্য যে পানি সরবরাহ করা হয় তাতে প্রতিদিন অতিরিক্ত ৪০০ টন দূষিত পানি তৈরি হচ্ছে। এই পানিগুলো অস্থায়ী ট্যাংকে মজুদ রাখা হচ্ছে। গতমাসে টেপকো জানায়, এ ধরনের একটি ট্যাংক ছিদ্র হয়ে অতি উচ্চমাত্রার তেজস্ক্রিয় প্রায় ৩০০ টন পানি বের হয়েছে। যা সামপ্রতিককালের সবচেয়ে ভয়ংকর ঘটনা।