লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধানের কন্যা অপহূত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৬
জেল থেকে ছাড়া পাবার পর অপহূত হলেন লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধানের মেয়ে আনাউদ আব্দুল্লাহ আল-সেনুসি। গত সোমবার আল-রেওমি কারাগার থেকে পুলিশি প্রহরায় ত্রিপলি বিমানবন্দরে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। কারাগারের মূল ফটক থেকে ৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে। দেশটির আইনমন্ত্রী সালাহ আল মারঘানি জানিয়েছেন, পুলিশ প্রহরা দিয়ে মিস সেনুসিকে নিয়ে যাওয়ার সময় কয়েকজন বন্দুকধারী অতর্কিত হামলা চালায় এবং প্রকাশ্যে গুলি ছুঁড়ে তাকে নিয়ে যায়। দক্ষিণাঞ্চলীয় সেবা শহরে তার পিতার সাথে দেখা করানোর জন্য তাকে বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তার অন্যান্য আত্মীয়-স্বজনেরও সেখানে যাওয়ার কথা রয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয়েছে, তারা সেনুসিকেই নিতে চেয়েছিল। তবে হামলার ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মিস সেনুসিকে খুঁজে বের করতে প্রত্যেকের কাছে বিশেষ করে বিপ্লবীদের নিকট আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মারঘানি।