দুবাইয়ে সরকারি কৌঁসুলির কার্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে উজবেক এক নারী প্রায় ১৩ ঘণ্টা ধরে আতংক সৃষ্টি করেন। শরীরে বিস্ফোরক বাঁধা আছে এ কথা বলে তিনি কার্যালয় উড়িয়ে দেয়ার হুমকি দেন। -খবর এএফপির।
কর্তৃপক্ষ সোমবার বলেন, রবিবার শিশুপুত্র নিয়ে ওই নারী কৌঁসুলির অফিসে আসেন। তিনি জানান, তার শরীরে বিস্ফোরক বাঁধা রয়েছে। আমিরাতের এক ব্যক্তিকে তার সন্তানের বৈধ পিতার স্বীকৃতি না দিলে তিনি শরীরে বাঁধা বেল্টের বিস্ফোরণ ঘটাবেন। দুবাই পুলিশ জানান, সমস্যার সমাধান খুব সফলভাবেই করা হয়েছে। ওই নারীর শরীরে একটি ভুয়া বিস্ফোরক বেল্ট পাওয়া গেছে। দীর্ঘ সময় আলোচনার পর তাকে গ্রেফতার করা হয়েছে।
